মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। তার পরে পাঁচ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অভিযুক্ত যুবকের। শনিবার গ্রেটার নয়ডায় বিশাখ থানা এলাকার একটি আবাসনের ঘটনা। মৃত যুবকের নাম সাগর যাদব (২১)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। তারা সাগর এবং তাঁর মাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। তাঁর মা আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, সাগর মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার দিন মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল সাগরের। সেই সময়ে সাগর রাগের মাথায় মাকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এর পরেই তিনি ফ্ল্যাটের পাঁচ তলা থেকে ঝাঁপ দেন বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ আরও জানিয়েছে, সাগর ওই আবাসনে তাঁর বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন। শনিবার মায়ের সঙ্গে সাগরের অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। তার পরেই ঘটে এই দুর্ঘটনা। পুলিশ ইতিমধ্যেই সাগরের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে, চলতি মাসের শুরুতে ওডিশার কেন্দ্রাপাড়াতেও এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে। মদ্যপানের জন্য বাবা-মা বকাবকি করেছিলেন ছেলেকে। সেই কারণে ৭০ বছরের বৃদ্ধা মাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে।