দিল্লির ইউনিভার্সিটির বছর পঁয়তাল্লিশের অধ্যাপিকা দেবস্মিতা পাল খুনের ঘটনায় গ্রেপ্তার এক দম্পতি। ধৃত দু’জনেই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যার ঘটনা।
পুলিশ তদন্তে জানতে পেরেছে, পূর্ব বর্ধমান থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লিতে পৌঁছে এই হত্যাকাণ্ড ঘটায় ধৃত দম্পতি। দু’জনেই দেবস্মিতার পূর্ব পরিচিত বলে অনুমান তদন্তকারীদের। সম্পত্তি সংক্রান্ত বিরোধের পাশাপাশি এই হত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লির পূর্বাঞ্চলের বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে একাই থাকতেন দেবস্মিতা পাল। ২০২২ সালে স্বামীর থেকে আলাদা হয়ে যান তিনি। স্বামী বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢাকা অবস্থায় এক পুরুষ ও এক মহিলাকে আবাসনে ঢুকতে এবং কিছুক্ষণ পরে বেরিয়ে যেতে দেখা যায়। দেবস্মিতার ফ্ল্যাট বাইরে থেকে লকড অবস্থায় ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে ফ্ল্যাট থেকে দেবস্মিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেবস্মিতার বোন দেবারতি দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটে যান। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় সেটি ভেঙে ভিতরে ঢুকে তিনি দিদির দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, দেবস্মিতার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং হাতের শিরা কাটা ছিল।