আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের জুন পর্বের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর দিন ঘোষণা করা হল। আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষার। পরীক্ষার দিনক্ষণ-সহ বিস্তারিত সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে সমস্ত তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮০টির বেশি বিষয়ের উপর ইউজিসি নেট দেওয়া যাবে। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে। পরীক্ষা গ্রহণ করা হবে ২২, ২৩, ,২৪, ২৫, ২৯ এবং ৩০ জুন। প্রতিদিন দু’টি পর্বে পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। প্রথম পর্বের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষা দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধে ৬টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কোন শহরের কোন পরীক্ষাকেন্দ্রে যেতে হবে, তা পরীক্ষার ১০ দিন আগে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করে জানানো হবে। এর পর প্রকাশ করা হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেখানে পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার সময়, 'সাবজেক্ট কোড'-সহ বাকি তথ্য উল্লেখ করা থাকবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের। এনটিএ জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত কোনও অসুবিধার সম্মুখীন হলে পরীক্ষার্থীরা ০১১-৪০৭৫৯০০০ ফোন নম্বর অথবা ugcnet@nta.ac.in ই-মেল আইডিতে যোগাযোগ করতে পারেন।
ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ জুন প্রথম পর্বে ভিস্যুয়াল আর্ট, মিউজিয়োলজি অ্যান্ড কনজারভেশন, ভূগোল, মরাঠি, পাঞ্জাবি-র মতো নানা বিষয়ের পরীক্ষা হবে। দ্বিতীয় পর্বে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স, ফারসি, রাশিয়ান, বাংলা, হোম সায়েন্স, মিউজিক, পপুলেশন স্টাডিজের মতো নানা বিষয়ের পরীক্ষা। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা, টা বিস্তারিত জানতে দেখে নিতে হবে ugcnet.nta.nic.in পোর্টালটি।
উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হিসাবে বিবেচিত হয়।