• ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
    প্রতিদিন | ০৭ জুন ২০২৬
  • মাসে বেতন মাত্র ৬ হাজার টাকা! এমনই এক সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল ওড়িশার ভিজিল্যান্স দপ্তর। একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। খোঁজ মিলেছে ইঞ্জিনিয়ারের বিলাসবহুল বাড়ি-ফ্ল্যাট, জমি-সহ একাধিক সম্পত্তির। ইতিমধ্যে অভিযুক্ত ওই ইঞ্জিনিয়রকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। আধিকারিকদের দাবি, ওই ইঞ্জিনিয়ার আরও বিপুল সম্পত্তির মালিক। এই বিষয়ে আরও জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর।

    অভিযুক্ত ওই ইঞ্জিনিয়রের নাম বৈকুণ্ঠনাথ বেহরা। বাড়ি ওড়িশার কন্ধমলের বালিগুড়া এলাকায়। আয়বহির্ভূত সম্পত্তির মামলায় শনিবার বৈকুণ্ঠনাথ বেহারার বাড়িতে হানা দেন ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। একইসঙ্গে তল্লাশি চলে ভুবনেশ্বর, বালেশ্বর, জাজপুর-সহ আরও বেশ কয়েকটি জায়গায়। জানা যায়, এই সমস্ত জায়গাতেও বিপুল সম্পত্তি রয়েছে অভিযুক্ত বৈকুন্ঠনাথের। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, তল্লাশি চালিয়ে বৈকন্ঠনাথের বাড়ি থেকে দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পাশাপাশি একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, জমির দলিলের খোঁজ পাওয়া গিয়েছে ইঞ্জিনিয়ারের বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে। তদন্তকারীদের দাবি, বেনামে একাধিক সম্পত্তির মালিক অভিযুক্ত ওই সরকারি আধিকারিক।

    জানা যায়, ১৯৯৯ সালে জুনিয়র ইঞ্জিনিয়র পদে চাকরিতে যোগ দিয়েছিলেন বৈকুন্ঠনাথ বেহরা। সেই সময় বেতন ছিল মাত্র ৬ হাজার টাকা। পরে যদিও অ্যাসিসট্যান্ট এগ‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়র পদে পদন্নোতি হয় তাঁর। এর মধ্যেই কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন বৈকুন্ঠনাথ? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যেই ওই সরকারি ইঞ্জিনিয়রের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)