‘৭২ ঘন্টা অপেক্ষা করব, উত্তর না এলে...’, কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেবে রাজ্য?
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
উত্তরবঙ্গ সফরে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল৷ উত্তরবঙ্গে গিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই তিনি পাহাড়ে এসেছেন, জানালেন অগ্নিমিত্রা৷ অন্নপূর্ণা যোজনা থেকে নারী পাচার, সমস্ত কিছু নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী৷ পাশাপাশি, কলকাতা পুরসভা, কর্পোরেশন নিয়ে তদন্ত হবে, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা৷
কলকাতা পুরসভা প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘‘বহু পুরসভা, কর্পোরেশন নিয়ে তদন্ত হবে। মৌখিকভাবে অভিযোগ এসেছে। নিয়ম মতো ৭২ ঘণ্টা সময় দিতে হয়। কিভাবে এতটা সেল্ফিশ তৃণমূলীরা। বর্ষা আসছে। তার আগে কলকাতার মেয়র পদত্যাগ করলেন। তবে যাতে সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হবে। ৭২ ঘণ্টা অপেক্ষা করব, উত্তর না এলে প্রশাসক বসবে কলকাতা পুরসভায়। একইভাবে বিধাননগর পুরসভাতেও।’’
নারী পাচার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘নারী পাচার, মহিলা পাচার গোড়াতেই আটকাতে হবে। ১৫ বছরের সরকার কাজ দেয়নি বলে পাচার বেড়ে গিয়েছিল। স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে হবে। টাস্ক ফোর্স বানানো হবে এ নিয়ে। বেশ কয়েকটি দফতরের প্রতিনিধি থাকবে।’’
গত বছর বন্যা, ধসে এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল, সেই সমস্যা যাতে এই বছর না হয়, তার জন্য সচেষ্ট সরকার, জানালেন মন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আগামী বর্ষায় যাতে কোনও এলাকায় যেন জল না জমে, তা দেখতে হবে। নর্দমা পরিষ্কার করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে জরিমানা। রাস্তায় ময়লা ফেললে বা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা। পানের পিক ফেললে জরিমানা। রাস্তায় বেআইনি পার্কিং করলে জরিমানা। রসিদ নই, মেশিন ব্যবহার করা হবে। বেআইনি হোর্ডিং খোলা হবে। ডিজিটাল হোর্ডিং খোলা হবে। কর আদায়ে বাসস্ট্যাণ্ডে ডিজিটাল হোর্ডিং।’’
মন্ত্রীত্ব পাওয়ার পর থেকেই পরিচ্ছন্নতায় জোর দিয়েছেন অগ্নিমিত্রা৷ ছবি তুলে পাঠালেন সাফ হবে নোংরা, তার জন্য ইতিমধ্যেই স্বচ্ছ অ্যাপ তৈরি করেছে সরকার৷ আম্রুত প্রকল্প এবং ডাম্পিং গ্রাউণ্ডের সমস্যা রয়েছে, উত্তরবঙ্গ থেকে জানালেন অগ্নিমিত্রা৷ মন্ত্রী বলেন, ‘‘বস্তি এলাকায় কমিউনিটি টয়লেট করা হবে। জমি চাই। বাজার, বাসস্ট্যাণ্ডে পাবলিক টয়লেট। ট্যুরিস্ট এলাকায় উন্নতমানের টয়লেট তৈরী করা হবে। প্রতি এলাকায় ২ বার করে ঝাড়ু দেওয়া হবে ব্যস্ত এলাকায়।
মন্দির এলাকায় কারখানা বানাবো। ধূপকাঠি তৈরী করা হবে, ফুল, মালা ফিয়ে। মহিলাদের নিয়োগ করা হবে। উত্তরের তুফানগঞ্জে স্বচ্ছ এপ তৈরী করেছি। আবেদন করলেই ২ ঘন্টার মধ্যে সাফ।
বাড়ি থেকেই জৈব, অজৈব ময়লা পৃথকীকরণ করতে হবে। বাড়ির লোকেরা বা করলে পরিষ্কার করা হবে না। প্রতিয়ি বাড়িতে কিউ আর কোড বসানো হবে।’’
নোংরা করলেই জরিমানা নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নেবে সরকার, আগেই জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী৷ উত্তর গিয়েও ফের অগ্নিমিত্রা বলেন, ‘‘১ সেপ্টেম্বর থেকে জরিমানা। রাস্তায় ময়লা ফেললে বা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা। পানের পিক ফেললে জরিমানা। রাস্তায় বেআইনি পার্কিং করলে জরিমানা। রসিদ নই, মেশিন ব্যবহার করা হবে। বেআইনি হোর্ডিং খোলা হবে। ডিজিটাল হোর্ডিং খোলা হবে। কর আদায়ে বাসস্ট্যাণ্ডে ডিজিটাল হোর্ডিং।’’