• বালতির জলে ডুবিয়ে শ্বাসরোধ, পরে ৭ বছরের মেয়ের শিরা কেটে খুন! ধৃত নবম শ্রেণির দুই ছাত্রী
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • নদিয়ার কৃষ্ণনগরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের হস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় নবম শ্রেণির দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাদের জুভেনেইল আদালতে তোলা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই হোস্টেলেই ওই মৃত ছাত্রীর সঙ্গে থাকত। এমনকি রাতে একই বিছানায় শুয়ে ঘুমাত। ঘটনার দিন রাতে ওই ছাত্রীকে নিয়ে শৌচাগারে যায় তারা। এরপর প্রথমে বালতির জলে ডুবিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা হয়। এমনকি মৃত্যু নিশ্চিত করতে হাতের শিরাও কেটে দেওয়া হয় ব্লেড দিয়ে। সকালে মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনা তদন্ত শুরু করে। মৃতদেহটির ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি দফায় দফায় পুলিশের একাধিক অফিসার একাধিক দলে বিভক্ত হয়ে হোস্টেলের ছাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। শেষ পর্যন্ত গভীর রাতে ওই দুই ছাত্রী খুনের কথা স্বীকার করে।

    জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, হোস্টেলে নিয়ম কানুন পছন্দ ছিল না ওই দুই ছাত্রীর। বিশেষ করে হোস্টেল থেকে যখন তখন বাইরে যাওয়া যেত না এবং মোবাইল ব্যবহার করা যেত না। সেই কারণে হস্টেল বন্ধ করার পরিকল্পনা করছে ছিল তারা। সেই উদ্দেশ্যেই ছাত্রীকে খুন করা হয়। যদিও ওই ছাত্রীর সঙ্গে তাদের কোন ব্যক্তিগত শত্রুতা ছিল না। শুধুমাত্র হস্টেল বন্ধ করার জন্যই এই খুন বলে জানতে পেরেছে পুলিশ। আবাসিকদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দুই ছাত্রীর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। প্রশ্নের মুখে মুখে দোষ স্বীকার করেছে দুই ছাত্রী।
  • Link to this news (News18 বাংলা)