সরকারি বাসের মতো হলেও বেসরকারি! উঠে বিপাকে পড়ছেন যাত্রীরা, কী করে চিনবেন আসল সরকারি বাস?
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
সরকারি বাসের মতো একই রং বেসরকারি বাসের! সরকারি বাসের সঙ্গে সাদৃশ্য রেখেই স্টিকার ও লোগো! বিভ্রান্ত হচ্ছিলেন মহিলা যাত্রীরা। মালদহে বাসস্ট্যান্ডে অভিযান পুলিশ ও প্রশাসনের। হুবহু সরকারি বাসের মতো রং, সরকারি বাসের আদলে ব্যবহৃত লোগো, স্টিকার বহু বেসরকারিবাসের! বিভ্রান্তির মধ্যে মহিলা যাত্রীরা। শেষপর্যন্ত মালদহে বাসস্ট্যান্ডে অভিযান প্রশাসনের। রবিবার দুপুরে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো এবং স্টিকার মুছে ফেলা হল।
দীর্ঘদিন ধরেই মালদহ জেলা জুড়ে মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাসের নীল সাদা রং এবং সরকারি পরিবহন সংস্থার নামের সঙ্গে মিল রেখে একাধিক বেসরকারি বাস রাস্তায় চলছে। অভিযোগ, এই ধরনের রং ও নাম ব্যবহারের ফলে সরকারি বাস ভেবে অনেকেই বেসরকারি বাসে উঠে পড়ছিলেন। বিশেষ করে ১ জুন থেকে রাজ্য সরকার সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করার পর, এই সমস্যা আরও ব্যাপক আকার নেয়। সরকারি ও বেসরকারি বাসের রং এবং নামের সাদৃশ্যের কারণে অনেক মহিলা যাত্রী বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের মহিলারা বিভ্রান্ত হয়ে বেসরকারি বাসে উঠে পড়ছিলেন। অনেকে ভুলবশত এইসব বেসরকারি বাসে ওঠে গন্তব্যে পৌঁছনোর পর ভাড়া দিতেও বাধ্য হচ্ছিলেন।
অভিযোগ, অনেক বেসরকারি বাস কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এন বি এস টি সি)-র নামের সঙ্গে মিল রেখে নিজেদের বেসরকারি বাসে NBTS, MBTSG, NBTC- এমন নানা নাম ব্যবহার করছিলেন। পাশাপাশি সরকারি বাসের মতোই নীল সাদা রং করা হয়েছিল গাড়ি গুলিতে। ফলে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে পার্থক্য করা কঠিন হচ্ছিল।
বিভিন্ন মহলে এমন অভিযোগ পেয়ে রবিবার দুপুরে মালদহের আরটিও, প্রশাসন ও পুলিশের দল গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছয়। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বাসের গায়ে থাকা বিভ্রান্তিকর লোগো ও স্টিকার ছিড়ে ফেলা হয়। এছাড়াও সরকারি পরিবহন সংস্থার নামের অনুকরণের দেওয়া বিভিন্ন চিহ্ন ও লেখার ওপরে কালো কালি লাগিয়ে মুছে দেওয়া হয়।। পরিবহন দফতরের এই পদক্ষেপে খুশি হয়ে স্বস্তি প্রকাশ করেছেন মহিলা যাত্রীরা। তাঁদের মতে, এতে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি কাটবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদহ ডিপো ইনচার্জ মলয় কর্মকার জানান, এনবিএসটিসি-র প্রতিটি বাসে দীর্ঘ দিন ধরেই নীল সাদা রং রয়েছে। পাশাপাশি অনেক বেসরকারি বাস প্রায় একই ধরনের রং এবং স্টিকার ব্যবহার করছিল। এতে অনেক যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছিলেন। বেসরকারি কোন বাস, কি রং করবে তা আমাদের এক্তিয়ারভুক্ত নয়। তবে, এদিন প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে অত্যন্ত ভালো কাজ করেছে।
এবিষয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, এতদিন সরকারি ও বেসরকারি বাস এভাবে মিলেমিশে একাকার হলেও, মানুষ বিভ্রান্ত হলেও, প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। এখন নতুন সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার সুযোগ দিয়েছেন। কিন্তু, বাস চিনতে অনেকে সমস্যায় পড়ছেন। ফলে প্রশাসনের এমন উদ্যোগ খুবই প্রয়োজনীয়।