• দ্রুত শুরু হবে ব্যারাকপুর মেট্রোর কাজ? রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব কৌস্তভের, উঠল হকার সমস্যাও
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • দ্রুত শুরু হোক বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের কাজ। রেলমন্ত্রীকে চিঠি দিয়ে হকারদের পুনর্বাসনেরও আর্জি জানালেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। দীর্ঘ ১৬ বছর ধরে অপেক্ষার পরও বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি নিয়ে সরব হতে দেখা গিয়েছে বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে।

    কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে তাই এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত জমি সংক্রান্ত জটিলতা মিটিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান কৌস্তভ। পরে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন বিধায়ক। তিনি জানান, বহু বছর আগে ঘোষিত এই মেট্রো প্রকল্প এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে প্রতিদিন লক্ষাধিক যাত্রীর যাতায়াতের চাপ থাকা সত্ত্বেও বারাকপুর মহকুমার বাসিন্দারা আধুনিক গণপরিবহণ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। সেই কারণেই প্রকল্পটির দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।

    শুধু মেট্রো নয়, বারাকপুর রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলে ধরেন বিধায়ক। তাঁর চিঠিতে বারাকপুর স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্টেশনকে আধুনিকীকরণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন ফুটওভারব্রিজ নির্মাণ এবং ১৪ নম্বর রেলগেটে যানজট সমস্যা দূর করতে আন্ডারপাস বা উড়ালপুল তৈরির দাবিও জানানো হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বারাকপুর ও টিটাগর স্টেশনে লিফট বা এসকেলেটর স্থাপন, নতুন টিকিট কাউন্টার, উন্নত শৌচাগার এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার দাবিও তোলা হয়। তবে তার দেওয়া চিঠির অন্যতম উল্লেখযোগ্য দিক হল স্টেশন চত্বরে হকার উচ্ছেদ প্রসঙ্গে বিধায়কের অবস্থান। কৌস্তভ বাগচি রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন, হকারদের উচ্ছেদের বিষয়টি যেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা হয়। একই সঙ্গে তাঁদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করার বিষয়েও তিনি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানা গিয়েছে।

    বিধায়কের দাবি, এলাকার সার্বিক উন্নয়ন এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন জরুরি। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন বলে জানান। এখন দেখার কত দ্রুত শুরু হয় বিধায়কের দাবি মত মেট্রো রেলের প্রকল্প সহ আধুনিকীকরণের কাজ।
  • Link to this news (News18 বাংলা)