• সাইকেল নিয়ে রাস্তায় নামলেন খোদ বিডিও-সহ শতাধিক যুবক-যুবতী... বিশ্ব সাইকেল দিবসে বেনজির ছবি
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে দেখা গেল এক অন্যরকম ছবি। পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে বিডিও-র উদ্যোগে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি। এতে অংশ নেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় -সহ শতাধিক যুবক-যুবতী ও বিভিন্ন দফতরের কর্মীরা।

    এদিন সকালে হিঙ্গলগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয়। সেখান থেকে কাটাখালি ব্রিজ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেন। র‍্যালিকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জীবনযাত্রাজনিত নানা রোগের প্রভাব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সাইকেলের ব্যবহার বাড়লে যেমন জ্বালানি সাশ্রয় হবে, তেমনি পরিবেশ দূষণও কমবে। পাশাপাশি নিয়মিত সাইকেল চালানো শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।

    হিঙ্গলগঞ্জের বিডিওবলেন, “সাইকেল শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ জীবনযাপনের অন্যতম উপায়। পরিবেশ রক্ষার পাশাপাশি শরীরচর্চার ক্ষেত্রেও সাইকেলের গুরুত্ব অপরিসীম। সেই বার্তাই আজকের এই র‍্যালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।” পথচলতি মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান এবং অনেকেই সাইকেল ব্যবহারে উৎসাহ প্রকাশ করেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনযাপন থেকে বের করে এনে শারীরিক কসরত ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর বলে মত অংশগ্রহণকারীদের। এদিনের র‍্যালি শেষে সকলের উদ্দেশে সুস্থ জীবনধারা ও সবুজ পরিবেশ গঠনের শপথও নেওয়া হয়। এছাড়াও আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।
  • Link to this news (News18 বাংলা)