বেহাল দশা এলাকার নিকাশি ব্যবস্থার। বার বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সেই কারণে রবিবার স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মীরা তৃণমূল কাউন্সিলার হরিপদ পালের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। বৈদ্যবাটি ২০ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ নিচু মাঠ এলাকার ঘটনা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, ২০ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল দশা নিকাশি ব্যবস্থার। সামান্য বৃষ্টিতেই স্থানীয়দের ঘরে জল ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যার কথা বার বার এলাকার তৃণমূল কাউন্সিলারকে জানিয়েও কোনও লাভ হয়নি। এ দিন বিক্ষোভের সঙ্গে এলাকার তৃণমূল কাউন্সিলারের বাড়ির সামনে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের কথা না ভেবে কাউন্সিলার নিজের পকেট ভরাতে ব্যস্ত ছিলেন।
পরে ওই তৃণমূল কাউন্সিলারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তিনি এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। না হলে কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন হরিপদ পাল। এলাকার বাসিন্দা পাপিয়া দাস বলেন, ‘আমাদের খাওয়ার জলও নেই। দোকান থেকে বেশি পয়সা দিয়ে জল কিনে আনতে হচ্ছে। রাস্তার বেহাল দশা।’ বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে এলাকা থেকে জল না নামলে আরও বড় আন্দোলন হবে।
তৃণমূল কাউন্সিলার হরিপদ পাল বলেন, ‘বিজেপি বিনা কারণে স্থানীয়দের উস্কানি দিচ্ছে। এলাকার ২০ নম্বর ওয়ার্ডে আমি সব থেকে কাজ করেছি। এটি বিজেপির রাজনৈতিক চক্রান্ত। বিজেপি সরকার এখনও নিকাশি খাতে অর্থ বরাদ্দ করেনি। তাই কাজ করা যাচ্ছে না।’ অন্যদিকে বিজেপির স্থানীয় নেতা অভিজিৎ কর্মকার বলেন, ‘১৫ বছর ধরে তৃণমূল দুর্নীতি করে এসেছে রাজ্যে। সেই কারণেই এই এলাকায় জল জমছে।’