আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল সকাল দশটার বিমানে এক ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সফর ঘিরে তুমুল ব্যস্ততা তৈরি হয়েছে, কারণ দিল্লির বিজ্ঞান ভবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত' চালু করার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগতপ্রসাদ নাড্ডাও। রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসায় এই চুক্তি এক বড়সড় বদল আনবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজধানীতে সারাদিনের এই ঠাসা কর্মসূচি শেষ করে কোনো বাড়তি সময় নষ্ট না করে, আগামীকাল রাতেই নটার বিমানে আবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।