আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পূর্বতন জমানার একাধিক হেভিওয়েট নেতার দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া এবং গণবিক্ষোভের মুখে পড়ার ঘটনা নিয়ে এক জ্বলন্ত প্রশ্ন তুললেন প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন রাজ্যের আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসনের দিকে।
বিকাশবাবুর মূল প্রশ্ন, এই সমস্ত দুর্নীতির খবর আগে থেকে জানা সত্ত্বেও পুলিশ-প্রশাসন কেন এতদিন কোনো পদক্ষেপ করেনি? বিশেষ করে শিক্ষা দুর্নীতির মতো ঘটনায় উচ্চপদস্থ সরকারি আমলাদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর সাফ কথা, জনগণের করের টাকায় আমলাতন্ত্রকে পালন করা হয় নিয়ম মেনে আইনসম্মতভাবে প্রশাসন চালানোর জন্য, রাজনৈতিক নেতাদের বেআইনি কাজে মদত দেওয়ার জন্য নয়। নেতাদের পাশাপাশি দোষী আমলা ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কেন এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফেসবুকে সেই জবাবই চেয়েছেন এই প্রবীণ আইনজীবী।