• রাস্তায় থুতু বা পানের পিক ফেললেই জরিমানা
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জুন ২০২৬
  • শহর ও নগরাঞ্চলকে আরও পরিচ্ছন্ন এবং সুসংগঠিত করে তুলতে একাধিক কঠোর পদক্ষেপের পথে হাঁটছে রাজ্যের নতুন বিজেপি সরকার। রাস্তাঘাট নোংরা করা, যত্রতত্র পানের পিক বা থুতু ফেলা এবং প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে নগরোন্নয়ন দফতর। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ধরনের অপরাধের ক্ষেত্রে জরিমানা কার্যকর করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মন্ত্রী। রবিবার সেখানে বিভিন্ন পুরসভার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর পরিচ্ছন্নতা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে।

    মন্ত্রী জানান, আগামী তিন মাস সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হবে। এই সময়ের মধ্যে নাগরিকদের নিজেদের অভ্যাস পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। তবে ১ সেপ্টেম্বরের পরেও কেউ যদি রাস্তাঘাট নোংরা করেন, পানের পিক বা থুতু ফেলেন, তাহলে তাঁর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।

    অগ্নিমিত্রা পালের বক্তব্য, “আমরা যখন কোনও শপিং মল বা বড় প্রতিষ্ঠানে যাই, তখন পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে খুব সচেতন থাকি। কিন্তু রাস্তায় বেরোলেই সেই সচেতনতা কোথায় চলে যায়? মলে গেলে ভদ্র, আর রাস্তায় নামলে অভদ্র— এই মানসিকতা বদলাতে হবে।”

    তিনি আরও জানান, রাস্তার ধারে প্লাস্টিক, খাবারের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলার ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হবে। পাশাপাশি দৃশ্যদূষণ রোধে বেআইনি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    রাজ্যে ইতিমধ্যেই ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছে নগরোন্নয়ন দফতর। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার নোংরা পরিবেশ, আবর্জনার স্তূপ বা নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জমা পড়ার পর সংশ্লিষ্ট পুরসভা বা স্থানীয় প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করবে। অভিযোগকারীকে পরবর্তীতে জানানো হবে যে তাঁর অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, পূর্ববর্তী প্রশাসনের সময় রাস্তায় থুতু ফেলা বা পানের পিক ফেললে ৫০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল। তবে নতুন সরকার সেই জরিমানার পরিমাণ বাড়াবে কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

    সরকারের আশা, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শহরগুলিকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)