মুম্বইয়ে ভিড়ে ঠাসা কনসার্টে মৃত্যু যুবকের, হাসপাতালে বান্ধবী, মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কসে বিপত্তি?
প্রতিদিন | ০৮ জুন ২০২৬
জনপ্রিয় অস্ট্রেলিয়ান ডিজে ক্লাংকুয়েনস্টলার-এর অনুষ্ঠান ছিল রাতভোর। মুম্বইয়ের ওরলি অঞ্চলে সেই ভিড়ে ঠাসা কনসার্টের মাঝপথে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণে অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক এবং তাঁর বান্ধবী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যুবকের । অন্যদিকে, চিকিৎসাধীন রয়েছেন তাঁর বান্ধবী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় ডিজের সারারাতের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে ২৮ বছরের বৃষভ গঙ্গুরদের। মাহিমের বাসিন্দা ওই যুবকের সঙ্গে ছিলেন বান্ধবী। দু’জনেই অতিরিক্ত মদ্য়পান করেছিলেন। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে এক সময় অসুস্থ বোধ করেন যুগল। একসময় তাঁদের শারীরিক পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিকটবর্তী ব্রিচ ক্যান্ডে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালের পৌঁছনোর আগে মৃত্যু হয় বৃষভের। তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাসলোক হাসপাতাল ফর মেডিক্যাল কেয়ারে ভর্তি স্থানান্তরিত করা হয় তাঁকে।
পুলিশকে তরুণী জানিয়েছঝেন, তাঁরা এনর্জি ড্রিঙ্ক আর মদ খেয়েছিলেন। প্রমাণের অভাবে আপাতত মাদক গ্রহণের সম্ভাবনা নাকচ করেছে পুলিশ। বৃশভের মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। যদিও পুলিশ ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। উল্লেখ্য, এর আগে গুরুগ্রামে একটা কনসার্টে এক এমবিএ পড়ুয়ার মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে মাদক নেওয়ার বিষয়টি সামনে এসেছিল।