নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
প্রতিদিন | ০৮ জুন ২০২৬
রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হওয়ার পর থেকেই তার সুফল পেতে চলেছে বঙ্গবাসী! দীর্ঘ সময় আটকে থাকা একের পর এক কাজ গতি পেতে শুরু করেছে। এবার দীর্ঘদিন আটকে থাকা উত্তর হাওড়ার বামনগাছি রেলব্রিজের কাজও শুরু হল। শনিবার নবান্নে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাংলায় আটকে থাকা একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই বামনগাছি রেলব্রিজের কাজ নিয়ে তৈরি হওয়া জট কেটে গিয়েছে। এরপরেই আজ, রবিবার রাত থেকেই শুরু হচ্ছে কাজ। একই সঙ্গে চাঁদমারি রেলব্রিজেও ট্রাফিক সংক্রান্ত যে জট ছিল তাও রেলের সঙ্গে রাজ্যের বৈঠকে কেটে গিয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই চাঁদমারি ব্রিজের কাজও।
কাজ শুরু হওয়ায় আজ, রবিবার থেকেই বামনগাছি ব্রিজে ভারি ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তবে টোটো, রিকশা, মোটরবাইক-সহ অন্যান্য হালকা যানবাহন আপাতত চলাচল করতে পারবে। আগামী দু’মাস ধরে বামনগাছি ব্রিজের অ্যাপ্রোচ রোডের কাজ চলবে। এরপর ব্রিজের কাজ সম্পন্ন করার সময় প্রয়োজনে কিছুদিন পুরোপুরি ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করা হবে। নতুন বামনগাছি ব্রিজ পুরোদমে চালু হওয়ার পর একইভাবে প্রায় দু’মাস সময় নিয়ে চাঁদমারি ব্রিজের অসমাপ্ত কাজ শেষ করবে রেল। ফলে কিছুদিন এই দুই রেলব্রিজে হাল্কা ও ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে হাওড়ার ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বললেন, ‘‘তৃণমূল সরকারের আমলে রেলকে রাজ্য সরকারের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে দুই সেতুর কাজ আটকে ছিল। এখন দ্রুত সেই কাজ সম্পূর্ণ করে উত্তর হাওড়ার মানুষকে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া হচ্ছে। এতে নাগরিকরা উপকৃত হবেন।’’ শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থায় আরও বেশি গতি আসবে বলেও দাবি বিজেপি বিধায়কের।