ভূমিকম্পে কাঁপল কলকাতা, রাজ্যের একাধিক জায়গায় কম্পন! উৎসস্থল ভুটান
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
কলকাতা : কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুভূত হল ভূমিকম্প। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভুটান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়।
চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ মারাত্মক ভূমিকম্প হয় কলকাতায়৷ দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের কাছাকাছি কোনও এলাকা৷ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) থেকে প্রাপ্ত প্রাথমিক ভূকম্পন তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশে।
এপ্রিল নাগাদ উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ভূমিকম্প হয়। মনিপুরের মইরাং-এ ভূমিকম্প শুরু হয় মঙ্গলবার। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩। কয়েকদিন আগে গত ১৮ মার্চও একই জায়গায় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৮। মণিপুর রাজ্যের কামজোঙ এলাকাতে এই ভূমিকম্প হয়েছিল। স্থানীয় সময় ৯ টা ৫২ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল। উল্লেখ্য, গতমাসেই ভূমিকম্পের আতঙ্কে কেঁপে ওঠে চিন৷ রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্পে চিনের একাধিক প্রদেশে ছড়ায় আতঙ্কের ছবি৷ মৃত্যুর খবরও সামনে আসে৷
রবিবারের ভূমিকম্প হিমালয় অঞ্চলের বেশ কয়েকটি এলাকা কাঁপিয়ে দিয়েছে। যার ফলে কিছু এলাকার বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। ভূমিকম্পের প্রভাব ভুটানের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশগুলো থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে।