• তৃণমূল বিধায়ককে দেখেই ‘চোর, চোর’ স্লোগান, তোরাফ মণ্ডলকে ঘিরে উত্তপ্ত কুমারগঞ্জ
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে গিয়ে নিজের কেন্দ্রেই চরম বিক্ষোভের মুখে পড়লেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। তাঁকে দেখেই ‘চোর চোর’ স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দক্ষিণ দিনাজপুরের প্রাণসাগর বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ পর্যন্ত গাড়িতে উঠে কোনও রকমে এলাকা ছাড়েন বিধায়ক। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

    স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রাণসাগর বাজারে গিয়েছিলেন তোরাফ। বৈঠকের পরে বেরোনোর সময়ে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। চারদিক থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান বিধায়কের নিরাপত্তারক্ষীরা। পরক্ষণেই তাঁরা বিধায়ককে গাড়িতে তুলে সেখান থেকে বের করে নিয়ে যান।

    বিক্ষোভকারীদের বিজেপি কর্মী তকমা দিয়ে তোরাফ বলেন, ‘জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। সেখান থেকেই বুঝলাম ওরা বিজেপির কর্মী-সমর্থক।’ তবে দূর থেকেই তারা স্লোগান দিচ্ছিল বলে জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, ‘পার্টি কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময়ে দূরে কেউ কেউ স্লোগান দিচ্ছিল। আমার সামনে এসে কেউ বিক্ষোভ দেখায়নি। আমিও কাউকে কিছু বলিনি।’ গোটা ঘটনাটিকে প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করেছেন তিনি। তোরাফের স্পষ্ট কথা, ‘আমি অন্যায় কিছু করিনি। তাই ভয় পাচ্ছি না।’

    তবে বিক্ষোভকে সাধারণ মানুষের জনরোষ আখ্যা দিয়েছেন বিজেপি নেতা বাপি সরকার। তিনি বলেন, ‘কুমারগঞ্জকে তৃণমূলের গড় বলা হয়। সেই জায়গায় যদি তৃণমূল বিধায়ককে চোর স্লোগান শুনতে হয়, তা হলে বুঝতে হবে, সাধারণ মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছেন।’ পূর্বতন সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। বাপির কথায়, ‘এখন তার ফল ভুগতে হচ্ছে।’

    উল্লেখ্য, রাজ্যে প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও কুমারগঞ্জ বিধানসভা থেকে বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের তোরাফ হোসেন মণ্ডল। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ৬,৬৮৫ ভোটে পরাজিত করেছেন তিনি। এই কেন্দ্র বরাবরই তোরাফের গড়। ২০১৬ থেকে টানা তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু এ বার নিজের কেন্দ্রেই ‘চোর’ স্লোগান শুনতে হলো তাঁকে।

  • Link to this news (এই সময়)