• ভাঙল প্রতিরোধ, মধ্যরাতে যাদবপুরে বুলডোজার অ্যাকশন
    আজকাল | ০৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা ছিল। সেই আশঙ্কায়, বুলডোজারের উপস্থিতি দেখেই, যাদবপুরে জমায়েত শুরু করেন বাম-কংগ্রেস নেতারা। যদিও তাতেও মধ্যরাতের বুলডোজার অ্যাকশন আটকানো গেল না। পুলিশি লাঠিচার্জে ভাঙল প্রতিরোধ, বুলডোজার ভাঙল দোকান। যেসমস্ত নির্মাণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল, একে একে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়। রাতের অন্ধকারে, রণক্ষেত্র যাদবপুর।

    সাম্প্রতিক সময়ে হকার উচ্ছেদের প্রতিবাদে, বারেবারে পথে নেমেছে বামেরা। এর আগেও, একদিন বামদের সম্মিলিত প্রতিবাদের মুখে ঘুরে যেতে হয়েছিল বুলডোজার। রবিবার উচ্ছেদের আশঙ্কায় রাত বাড়ার আগেই, বাম কংগ্রেসের নেতারা জমায়েত করেন যাদবপুরের রেলস্টেশনের নির্দিষ্ট এলাকায়। উপস্থিত সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী-সহ বাম, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস নেতা, কর্মীরা। হকার উচ্ছেদের ঘটনায়, বামেদের প্রথম থেকেই বক্তব্য, কমার্শিয়াল প্লট না দিয়ে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না।

    প্রাথমিকভাবে প্রতিবাদ, প্রতিরোধ দিয়ে বুলডোজারের গতি আটকে দেওয়া হলেও, আচমকা শুরু হয় লাঠিচার্জ। অভিযোগ তেমনটাই। অভিযোগ, পুলিশ প্রতিরোধ ছত্রখান করতেই লাঠিচার্জ শুরু করে। তারপরেই সক্রিয় হয় বুলডোজার। তারপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠিচার্জের ঘটনায় আহত হয়েছেন একাধিক বিক্ষোভকারী। তাঁদের বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বাম নেতা, এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ। সংবিধান হাতে, পুলিশের গাড়িতে ওঠার সময়েও পাশে থাকার বার্তা সৃজনের।
  • Link to this news (আজকাল)