মুম্বই: জনপ্রিয় বিদেশি ডিজে কনসার্টে গিয়ে রহস্যমৃত্যু হল এক যুবকের। গুরুতর অসুস্থ তাঁর বান্ধবী। ঘটনাস্থল মায়ানগরী মুম্বইয়ের ওরলি এলাকা। মাত্রাতিরিক্ত মদ্যপানের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে উদ্যোক্তাদের ভূমিকাও। শনিবার রাতে ‘ক্লাংকুয়েনস্টলার অল নাইট লং’-এর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ৩৫ বছরের বৃষভ গাঙ্গুরদের। সেখানে প্রচুর ভিড় হয়েছিল। টিকিটের দাম ছিল চার হাজার টাকা। মাহিমের বাসিন্দা ওই তরুণের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবীও। দু’জনেই মাত্রারিক্ত মদ্যপান করেন বলে অভিযোগ। শুধু মদ নয়, প্রচুর এনার্জি ড্রিংকও পান করেছিলেন তাঁরা। এরপর ভিড়ের মধ্যে দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। ভিড় সরিয়ে বৃষভকে দ্রুত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর।
যুবকের বান্ধীবকে অন্য একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে কনসার্টে মাদক সেবনের বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। গত এপ্রিলেও গুরুগ্রামে এক অনুষ্ঠানে অতিরিক্ত মাদক সেবনের জেরে মৃত্যু হয়েছিল দুই পড়ুয়ার।