• সুরাতে শতাধিক বাড়িতে বুলডোজার হানা, কার নির্দেশ জানে না প্রশাসন!
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সুরাত: যতদূর চোখ যায়, শুধুই ধ্বংসাবশেষ। ছড়িয়ে ছিটিয়ে খাবার, আসবাবপত্র, বিছানা, জামাকাপড়। সেই ধ্বংসস্তূপে বসে কেউ কপাল চাপড়াচ্ছেন। কেউ সংসারের জিনিসপত্র আঁকড়ে আর্তনাদ করছেন। কেউ আবার ইটপাথরের উপর তোষক পেতে ঘুমিয়ে পড়েছেন। আর যাবেনই বা কোথায়? ৩ জুন। সুরাতের নাসির নগরের কাতারগামে চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হয়েছে এলাকার শতাধিক বাড়ি। মজার বিষয়, এনিয়ে কিছুই জানে না স্থানীয় প্রশাসন। সুরাত পুরসভার বক্তব্য, তাদের তরফে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। এই ‘বুলডোজার অ্যাকশনে’ তাদের কোনো ভূমিকা নেই। রাতারাতি গৃহহীনদের প্রশ্ন— তাহলে এই ঘটনার জন্য দায়ী কে? এনিয়েই বিতর্ক চরমে। 

    স্থানীয়দের একাংশের দাবি, ৩ জুন বুলডোজার চলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুরাত পুরসভার আধিকারিক ও পুলিশ। প্রশ্ন উঠছে, কার নির্দেশে তাঁরা এসেছিলেন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বেসরকারি নির্মাণ প্রকল্পের জন্য রাস্তা করতেই বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে। বিপাকে পড়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। কাটাগ্রামের বিধায়ক বিনু মোরাদিয়ার বক্তব্য, অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)