মাসে ১০২ কোটি টাকা বেআইনিভাবে যাচ্ছে ‘পার্টি ফান্ডে’, বন্ধ করতে কড়া বার্তা বিজয়ের
বর্তমান | ০৮ জুন ২০২৬
চেন্নাই: সরকারি সংস্থার কাউন্টার থেকে বিক্রি মদের লভ্যাংশ চলে যায় রাজনৈতিক দলের তহবিলে। দশকের পর দশক ধরে এই ব্যবস্থা চালু রয়েছে তামিলনাড়ুতে। ‘পার্টি ফান্ডে’ এই অর্থ জমার প্রক্রিয়াকে স্বাভাবিক বলেই ধরা হয় দ্রাবিড়ভূমে। অলিখিত এই ব্যবস্থায় এবার ছেদ পড়তে চলেছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয় নির্দেশ দিয়েছেন, করদাতাদের সব অর্থ যাতে সরকারি কোষাগারে জমা পড়ে, তা নিশ্চিত করতে হবে। বৈঠকে উপস্থিত এক আধিকারিক জানান, প্রতি মাসে প্রায় ১০২ কোটি টাকা এভাবে ‘পার্টি ফান্ডে’ চলে যায় বলে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। তা শোনার পরই নাকি বিজয় বলে ওঠেন, ‘স্টপ ইট।’
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টিএএসএমএসি) মাধ্যমে তামিলনাড়ুতে মদ বিক্রি করা হয়। সংস্থার ৪ হাজার ৪৮টি আউটলেট রয়েছে। এক আধিকারিক বলেন, ‘প্রত্যেক মদের পেটি থেকে ৯০ টাকা, বিয়ারের পেটি থেকে ৪০ টাকা এবং ওয়াইনের পেটি থেকে ২০ টাকা করে রাজনৈতিক দলের ফান্ডে চলে যায়।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক মাসে টিএএসএমএসি-র মাধ্যমে ৮৮ লক্ষ মানুষ মদ কেনেন। অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি মাসে ১০২ কোটি টাকা বেআইনিভাবে পার্টি ফান্ডে চলে গিয়েছে। বছরে এর পরিমাণটা প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা।’
জানা গিয়েছে, এম কে স্ট্যালিন সরকারের সময় থেকেই টিএএসএমএসি-র এই অর্থ নিয়ে বিতর্ক শুরু হয়। তাই প্রথম থেকেই বিষয়টি নিয়ে সতর্কভাবে এগোতে চাইছেন বিজয়। আবগারি দপ্তরের দায়িত্ব দিয়েছেন ৩৭ বছরের স্বচ্ছ্ব ভাবমূর্তির কে বিগনেশকে। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির জেরে মানুষ যাতে ক্ষতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। তাঁর নির্দেশ পরিষ্কার, অর্থ নয়ছয় বন্ধ করতে হবে। মানুষের দেওয়া অর্থ যাতে সরকারি কোষগারে জমা পড়ে, তা দেখতে হবে।’