• ‘গুরু’কে দেখতে হাসপাতালে শংকর, অশোকের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, শুভেন্দু অধিকারীকে পালটা শুভেচ্ছা বর্ষীয়ান বামনেতার
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বর্ষীয়ান বামনেতার স্বাস্থ্যের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার শিলিগুড়ি ফেরার পর এক সময়ের ‘রাজনৈতিক গুরু’ অশোক ভট্টাচার্যকে দেখতে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে যান বিজেপি বিধায়ক তথা মন্ত্রী শংকর ঘোষ। সেখানে নিজের ফোন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অশোকবাবুর কথা বলান। কীভাবে দুর্ঘটনাটি ঘটল বিস্তারিত শোনেন শুভেন্দু। সিটি স্ক্যান, এমআরআই করা হয়েছে কিনা তারও খোঁজ নেন। সমস্ত চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ফোনে জানান অশোকবাবু। এমনকী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী। ১৬-১৭ জুন কার্শিয়াং যাওয়ার কথা রয়েছে বলে অশোকবাবুকে জানান মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে শিলিগুড়িতে আসবেন বলেও তিনি কথা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে অশোকবাবু তাঁর বাবা শিশির অধিকারীর খোঁজখবর নেন। 

    প্রসঙ্গত,শনিবার সন্ধ্যায় বাড়িতে লেখালেখির সময় আচমকা মাথা ঘুরে চেয়ার সহ মেঝেতে পড়ে যান অশোকবাবু। দ্রুত তাঁকে কলেজপাড়ার একটি নার্সিংহোম এবং পরে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর জানাজানি হতেই সিপিএমের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা মাটিগাড়ায় পৌঁছন। রাতে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও বর্ষীয়ান এই সিপিএম নেতার সঙ্গে দেখা করেন। 

    এদিকে, এদিন সকালে শিলিগুড়িতে ফিরে নিজের ব্যস্ততার মাঝেও একসময়ের ‘গুরু’ অশোক ভট্টাচার্যকে দেখতে যান মন্ত্রী শংকর ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত অশোকবাবুর ছায়াসঙ্গী ছিলেন শংকর। মেয়র অশোকবাবুর বাম পুরবোর্ডে মেয়র পারিষদের দায়িত্বও সামলেছেন তিনি। অশোকবাবুর অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন এক সময়ের বাম নেতা শংকর। ২০২১ সালের নির্বাচনের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। পরপর দু’টি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বিধায়ক হয়ে বর্তমানে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। একসময়ের রাজনৈতিক গুরুকে তাই কিছুতেই ভুলতে পারেননি তিনি। এদিনও শিলিগুড়িতে ফিরে নিজের রাজনৈতিক কর্মসূচি শেষ করেই সোজা হাসপাতালে যান শিলিগুড়ির বিধায়ক।

    পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকরবাবু বলেন, মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন অশোকবাবুর সঙ্গে দেখা করে তাঁর খোঁজখবর নিতে। শহরের প্রাক্তন মেয়রের খোঁজখবর নিতে আমি এসেছিলাম। তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। খোঁজখবর নিয়মিত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর শীঘ্রই উত্তরবঙ্গে আসার কথা রয়েছে। তিনি অশোকবাবুর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। • অশোকের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন শংকর। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)