বাগানবাড়িতে সরকারি কীটনাশক ও ত্রিপল, খড়্গপুরে তৃণমূলের প্রধান ধৃত
বর্তমান | ০৮ জুন ২০২৬
সংবাদদাতা, খড়্গপুর: গ্রাম পঞ্চায়েত প্রধানের বাগানবাড়িতে মিলল সরকারি কীটনাশক, ত্রিপল প্রভৃতি। আর পুকুর থেকে উদ্ধার হল সরকারি প্রকল্পের পাইপ। অভিযুক্ত প্রধান নাজমুল খান-কে গ্রেপ্তার করল পুলিশ। তার অনুগামীদের দিকে ডিম ছুড়লেন গ্রামবাসী ও বিজেপি কর্মীরা। যদিও, পঞ্চায়েত প্রধানের সাফাই, নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্রই বাড়িতে এনে রেখেছিলেন তিনি। রবিবার বিকালে এই ঘটনায় খড়্গপুর-২ ব্লকের চকমকরামপুর এলাকায় শোরগোল পড়ে যায়।
এদিন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, চকমকরামপুর অঞ্চলের চকগোবিন্দ এলাকায় নাজমুলের পুকুর সহ বাগানবাড়িতে প্রচুর কীটনাশকের প্যাকেট ও সরকারি ত্রিপল মজুত রয়েছে। এরপরই এলাকার বাসিন্দারা পৌঁছে যায় নাজমুলের বাড়িতে। পৌঁছায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশও। বিজেপি নেতা ও গ্রামবাসীরা অভিযোগ করেন, সরকারি জিনিসপত্র নিজের বাগানবাড়িতে অবৈধভাবে মজুত করেছেন তৃণমূলের প্রধান। এরপরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অভিযোগের সত্যতা মেলে। যদিও, নাজমুলের দাবি, নষ্ট হয়ে যাওয়া কীটনাশক ও সার আধিকারিকদের অনুমতি নিয়ে বাড়িতে এনেছিলেন তিনি। কিন্তু ত্রিপল, পাইপ এসব? সদুত্তর মেলেনি। বিজেপি নেতা সংগ্রাম জানা, তাপস ঘোষ প্রমুখের দাবি, ২০২৫ সালের তৈরি সার, কীটনাশক নষ্ট হয় কী করে! তাছাড়া সরকারি জিনিস প্রধান কীভাবে নিজের বাগানবাড়িতে মজুত করেন? সরকারি টিউবওয়েল বসানোর রড দিয়ে নিজের বাগান বাড়ির দেওয়াল তৈরির অভিযোগও এনেছেন তাঁরা। বাগানবাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে বেশকিছু সরকারি পাইপ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গেই নাজমুলকে অটক করে পুলিশ। সন্ধ্যা নাগাদ জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে পেশ করা হবে।