• ৩ ফুটের বেশি উচ্চতার ফসল কেটে ফেলার নির্দেশ পুলিশের, দুশ্চিন্তায় সীমান্ত এলাকার চাষিরা
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, তেহট্ট:  ​দেশের নিরাপত্তার স্বার্থে ৩ ফুটের বেশি উচ্চতার ফসল কেটে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ। তা নিয়ে দুশ্চিন্তায় সীমান্ত এলাকার চাষিরা। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের দুই পাশে ৫০মিটারের মধ্যে থাকা তিন ফুট উচ্চতার বেশি গাছ হয় এমন ফসল দ্রুত কেটে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তেহট্ট মহকুমার সীমান্তবর্তী কাঁটাতার সংলগ্ন গ্রামগুলিতে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে মাইকিং করে গ্রামবাসীদের তা জানানো হয়েছে। এই নির্দেশ জারি হওয়ার পরই সীমান্ত এলাকার ভারতীয় চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

    ​সীমান্তবর্তী চাষিদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে প্রশাসনের এই নির্দেশ মেনে ফসল কেটে নিতে তাঁরা সম্পূর্ণ রাজি। কিন্তু, তাঁদের মূল সমস্যা ও দুশ্চিন্তা অন্য জায়গায়। কাঁটাতারের ওপারে ৫০ মিটারের বাইরেও  ভারতীয়দের বহু চাষযোগ্য জমি রয়েছে। চাষিদের বক্তব্য, প্রশাসন ৫০ মিটার কাঁটাতারের এদিক ওদিকের ফসল কাটতে বলছে, আমরা তা  মেনে নিচ্ছি। কিন্তু, ওপারে ৫০ মিটারের বাইরে আমাদের যে ফসল রয়েছে, তা বাংলাদেশের দুষ্কৃতীরা মাঝেমধ্যেই কেটে নিয়ে চলে যায়। সেই ফসলের সুরক্ষার দায়িত্ব কারা নেবে? আমাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করা এখনই দরকার।

    পুলিশের দাবি, জমিতে ৩ ফুট উচ্চতার বেশি ফসল থাকায় সীমান্তে চোরাচালানকারীরা লুকিয়ে থাকলে দেখতে পাওয়া যায় না। সেই সঙ্গে এদেশে অনুপ্রবেশের মতো ঘটনাও ঘটে। কেউ ওপার থেকে থেকে এদেশে আসছে কি না বা বাংলাদেশের দিকে যাচ্ছে কি না বোঝাই যায় না। সেজন্য মাইকিং করার সময় প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সতর্কবার্তা জারির পর সব চাষিকে তাদের জমিতে থাকা ৩ ফুটের বেশি উচ্চতার ফসল দ্রুত কেটে নিতে হবে। যদি কোনো চাষি তাঁদের জমি থেকে ৩ ফুটের বেশি উচ্চতার ফসল না কাটেন এবং পরবর্তীতে সেই জমিতে দেশবিরোধী কোনো ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় জমির মালিককেই নিতে হবে। সেই সঙ্গে তাঁকে আইনানুগ ব্যবস্থার মুখোমুখিও হতে হবে বলে জানানো হয়েছে।

    ​পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা আকস্মিক কোনো সিদ্ধান্ত নয়। দেশের সুরক্ষা নিশ্ছিদ্র করতে এর আগেও সীমান্ত এলাকায় এই ধরণের প্রচার ও সচেতনতা অভিযান চালানো হয়েছিল। চোরাচালান ও অনুপ্রবেশ রুখতেই এই নিয়ম কঠোরভাবে বলবৎ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)