চুঁচুড়া যেতে দিন কাবার, পালাবদল হতেই ফের আরামবাগ পৃথক জেলার দাবি উঠল
বর্তমান | ০৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাজ্যে পালাবদলের পর আরামবাগকে জেলা ঘোষণার দাবিতে ফের আন্দোলনকারীরা সরব হচ্ছেন। বিগত সরকার এবিষয়ে কোনো পদক্ষেপ করেনি। নতুন সরকার যাতে আরামবাগকে জেলা করতে উদ্যোগী হয়, সেই জন্য মহকুমার চারটি ব্লকের বাসিন্দাদের নিয়ে নতুন সংগঠন গঠিত হয়েছে। বিজেপি সরকারের রাজ্য বাজেট খুব তাড়াতাড়ি ঘোষিত হবে। সেখানেই যাতে আরামবাগকে জেলা ঘোষণা করা হয়, আন্দোলনকারীরা সেই আর্জি জানিয়েছেন। এজন্য আন্দোলনের রূপরেখাও তৈরি করেছে ওই সংগঠন।
‘আরামবাগ জেলা চাই পরিষদ’-এর মুখপাত্র সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অনেকদিন ধরেই আরামবাগকে পৃথক জেলা ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছি। সম্প্রতি প্রায় ২৮টি সংগঠনকে যুক্ত করে এই নতুন মঞ্চ তৈরি হয়েছে। জেলা ঘোষণার দাবিতে আমরা একাধিক কর্মসূচিতে নামতে চলেছি। কামারপুকুর থেকে খানাকুল পর্যন্ত একটি বাইক র্যালি করা হবে।
কামারপুকুরের বাসিন্দা তথা ওই সংগঠনের আহ্বায়ক রাকেশ মালিক বলেন, আরামবাগকে জেলা ঘোষণার দাবিতে খুব তাড়াতাড়ি মহকুমার চার বিজেপি বিধায়ককে স্মারকলিপি দেব। আমরা চাই, রাজ্য বাজেটে এই ঘোষণার বিষয়ে সরকার বিবেচনা করুক। শহর ও গ্রামাঞ্চলের বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যে কোনো কাজে আরামবাগ মহকুমার প্রান্তিক এলাকা থেকে হুগলির জেলা সদর চুঁচুড়ায় যেতে দিন কাবার হয়ে যায়।
আরামবাগ মহকুমার বিজেপি বিধায়করা নির্বাচনি ইস্তাহারে জেলা ঘোষণার বিষয়টি রেখেছিলেন। তাই পদ্মের সরকার গঠিত হতেই জোরকদমে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, তৃণমূল সরকার আরামবাগকে জেলা ঘোষণার দাবিকে মান্যতা দেয়নি। আমাদের সরকার যাতে এবিষয়ে উদ্যোগী হয়, তার চেষ্টা করব। বিধানসভার অধিবেশনে বিষয়টি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় আরামবাগ গুরুত্বপূর্ণ। এখান থেকে কলকাতায় যাতায়াত সহজ। মহকুমার চারটি থানার সঙ্গে একাধিক জেলার সীমানা রয়েছে। কিন্তু গোঘাট, খানাকুলের প্রান্তিক এলাকা থেকে হুগলির জেলা সদরে গিয়ে প্রশাসনিক কাজ করতে মানুষকে সমস্যায় পড়তে হয়।
মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যা-কবলিত। তাই উন্নয়নের নিরিখেও বিগত দিনে এই মহকুমাকে বঞ্চনা করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। এতদিনেও মহকুমায় আরামবাগ ছাড়া পুর এলাকার সংখ্যা বাড়েনি। এসমস্ত কারণে আরামবাগকে জেলা ঘোষণার দাবি উঠেছে। নিজস্ব চিত্র