• নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণ, দুর্গাপুরে গ্রেপ্তার ৩, জালে বান্ধবী
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, দুর্গাপুর: নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে দুর্গাপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল। অষ্টম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে অচেতন করে তিন যুবকের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল তারই এক বান্ধবীর বিরুদ্ধে। ঘটনায় পুলিশ কিশোরীর ওই বান্ধবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুই যুবকের নাম রাজ মল্লিক ও শেখ আজাহারউদ্দিন। বর্তমানে নির্যাতিতা নাবালিকা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি প্রণব কুমার বলেন, ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা বুদবুদ থানা এলাকার বাসিন্দা। শনিবার তারই এক বান্ধবী তাকে বাড়ি থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর একটি চারচাকা গাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে জোর করে মদ্যপান করানো হয়। মদের সঙ্গে নেশার ওষুধ বা রাসায়নিক মেশানো ছিল। যার জেরে ওই নাবালিকা বেহুঁশ হয়ে পড়ে। এরপর তাকে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ ও আজাহারউদ্দিন সহ তিন যুবক ওই নাবালিকার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

    নির্যাতনের পর অভিযুক্তরা শনিবার রাতে ওই নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে চম্পট দেয়। রাস্তায় অসহায় অবস্থায় ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে এক টোটোচালক তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকাল থেকেই অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতার বাবা বলেন, মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মদের সঙ্গে ওষুধ মিশিয়ে ওকে অচৈতন্য করে দেওয়া হয়। এরপর তিন যুবকের হাতে তুলে দেয়। দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুক। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি। বিজেপি নেত্রী মনীষা শিকদার বলেন, হোটেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তিনি বাকি হোটেলগুলিকেও সতর্ক করে দেন।
  • Link to this news (বর্তমান)