• বিধানসভায় সই জাল কাণ্ড: সিআইডি দপ্তরে হাজিরা দেবেন অভিষেক? জল্পনা
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় সই জাল কাণ্ডে আজ সোমবার কি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দেবেন? জোর চর্চা শুরু হয়েছে এনিয়ে। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে জোর দিতে তৃণমূলের সেনাপতি দিল্লিতে রয়েছেন। সেই কারণে তাঁর হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে গরহাজির হলে ডায়মন্ডহারবরের এমপির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে তদন্তকারী সংস্থা যে দ্বিধা করবে না, রাজ্য প্রশাসন সূত্রে মিলেছে তেমনই ইঙ্গিত।

    সই জাল কাণ্ডে অভিষেককে জেরা করা জরুরি বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। চার বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, নথিতে যে সই রয়েছে তার সঙ্গে নমুনা স্বাক্ষরের কোনো মিল নেই! অর্থাৎ সই জালিয়াতি যে হয়েছে তদন্তকারীরা সে সম্পর্কে নিশ্চিত। সেক্ষেত্রে মূল্যবান নথি জালিয়াতির যে ধারা যুক্ত হয়েছে, সেটি অত্যন্ত দৃঢ় হচ্ছে। এতে অভিষেকের বিপাকে পড়ার সম্ভাবনা আছে বলেই মনে করছেন আইনজীবী ও পুলিশ মহলের একটা বড়ো অংশ। 

    এই মামলায় তৃণমূল সেনাপতিকে জেরা না করা গেলে তদন্ত মাঝপথে আটকে যাবে। অসুস্থতার কারণে এমপি হাজির হতে পারছেন না—সিআইডির পাঠানো প্রথম নোটিসের উত্তরে এমনটাই জানানো হয়েছিল। তখন দু-সপ্তাহ সময় চান তিনি। কিন্তু সিআইডি ৮ জুন হাজিরার জন্য নোটিস পাঠায়। তাঁর অসুস্থতা নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন তদন্তকারীরা। এর মাঝে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে শনিবার  রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিষেক। আজ সোমবার এই বৈঠক। 

    তদন্তকারীদের প্রশ্ন, তিনি যদি অসুস্থই হন তাহলে দিল্লি গেলেন কী করে? তাই অভিষেক এদিন হাজির হচ্ছেন নাকি কৌশলী কোনো চিঠি পাঠাচ্ছেন সেটা দেখতে চাইছেন তদন্তকারীরা। অভিষেক যদি ‘জরুরি কাজে ব্যস্ত’ বলে অজুহাত দেন, তাহলে কী পদক্ষেপ করা হবে, তার প্রস্তুতি সেরে রেখেছে সিআইডি। সূত্রের খবর, সেক্ষেত্রে প্রথমে তাঁর বাড়ি যাবে টিম। অরূপ বিশ্বাসের মতোই নোটিস সাঁটানো হতে পারে। এবং বাড়তি সময় না দিয়ে হাজিরার জন্যই আসতে বলা হতে পারে। এর চাইতে বড়ো কোনো পদক্ষেপ করারও ভাবনাচিন্তা সিআইডি করে রেখেছে বলে সূত্রের খবর।
  • Link to this news (বর্তমান)