• তৃণমূল প্রতারক: অগ্নিমিত্রা, কলকাতা পুরসভায় বসছে প্রশাসক!
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও শিলিগুড়ি: ‘তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বর্ষার আগে বাংলার মানুষকে বিপদে ফেলে দায়িত্ব ছেড়ে পালিয়ে গেল ওরা।’ রবিবার শিলিগুড়ি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এবং উত্তরবঙ্গে পৌঁছে এই ভাষাতেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সঙ্গে তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের অন্যান্য অনেক পুরসভার মতো কলকাতা পুরসভায়ও প্রশাসক বসতে চলেছে। তাঁর দাবি, বর্ষার মুখে বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে অপদস্থ করতেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে তাঁরা যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। 

    বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সহ নিজের দপ্তরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করতে রবিবার ‘উত্তরকন্যা’য় প্রশাসনিক বৈঠক করেন অগ্নিমিত্রা। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচনের জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। পুর-কমিশনারের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। ঠিকঠাক উত্তর না মিললে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বসানো হবে প্রশাসক।’ তাঁর আরও সংযোজন, ‘ইতিপূর্বে এই ধরনের পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, সেখানে প্রশাসক বসানো হয়েছে। আগামী দিনেও তা-ই হবে।’ স্বয়ং পুরমন্ত্রীর এই মন্তব্যের পর ওয়াকিবহাল মহল মনে করছে, কলকাতা পুরসভা পরিচালনায় প্রশাসক নিয়োগ স্রেফ সময়ের অপেক্ষা। শুক্রবার বেলা সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে পদত্যাগ করেছেন ফিরহাদ। সেই হিসাবে সরকারের দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার বিকালের মধ্যে। পুরসভা সূত্রে খবর, কমিশনার স্মিতা পান্ডে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসানোর পক্ষেই  চিঠি দিতে চলেছেন দপ্তরকে। প্রসঙ্গত, সম্প্রতি বিধাননগর পুরসভায় মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর প্রশাসক বসিয়েছে রাজ্য। চন্দননগর পুরসভাতেও একই ব্যবস্থা হয়েছে। 

    রাজ্যে পালাবদলের পর মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে একের পর এক তৃণমূল কাউন্সিলারের পদত্যাগের ফলে অনেক পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে পুরমন্ত্রী এদিন বলেন, ‘তৃণমূল ভাবছে, এভাবে আমাদের বিপদে ফেলবে। কিন্তু আমরা সবদিক থেকে প্রস্তুত। আমাদের অফিসার, কর্মীদের টিম তৈরি।’ ফিরহাদের পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আর দিন দশেক পরই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। এই অবস্থায় কেন দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করলেন? তবে আমাদের আধিকারিক ও কর্মীরা দায়িত্ববান। সবার সহযোগিতায় বর্ষার মরশুম সুষ্ঠুভাবেই পার করতে পারব।’ দায়িত্ব ফেলে পালিয়ে গেলেও তৃণমূলের মেয়র, চেয়ারম্যান কিংবা কাউন্সিলারদের ‘ছেড়ে কথা বলা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, ‘পদত্যাগ করার পর যাঁরা ভাবছেন, পর্দার আড়ালে চলে গেলেন, তাঁরা ভুল ভাবছেন। সেটা হতে দেব না। অনিয়মের তদন্ত হবেই।’
  • Link to this news (বর্তমান)