রাজ্য নেতাকে মারধরে অধরা অভিযুক্তরা, গেরুয়া শিবিরে অসন্তোষ বাড়ছে
বর্তমান | ০৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্রের উপর হামলার অভিযোগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর তা নিয়েই বিজেপির অন্দরে বাড়ছে অসন্তোষ। রাজনৈতিক মহলের প্রশ্ন, যে দল ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করছে, তাদেরই রাজ্যস্তরের নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তরা কেন এখনও অধরা? শুক্রবার রাতে বারাসতের শ্রীকৃষ্ণপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হন তাপস মিত্র। তাঁর দাবি, দলেরই অন্য এক গোষ্ঠীর কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। প্রাণভয়ে একটি বাড়ির দোতলায় লুকিয়ে পড়েন তিনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে। রাতেই বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাপস। পুলিশ তদন্ত শুরু করলেও দু’দিন পরও অধরা অভিযুক্তরা। তদন্তের এই ‘ধীরগতি’ই এখন বারাসত বিজেপির অন্দরে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দলের একাংশের প্রশ্ন, অভিযোগ দায়ের হওয়ার পর এত সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের চিহ্নিত বা গ্রেপ্তার করা না গেলে তদন্তের অগ্রগতি কোথায়? তবে রাজনৈতিক তরজার বাইরে এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আইন-শৃঙ্খলা এবং তদন্ত ঘিরে। কারণ, দীর্ঘদিন ধরে বিজেপি রাজ্যে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার দাবিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আসছে। বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট প্রশাসনের অভিযোগও বারবার তুলেছে তারা। কিন্তু বারাসতের ঘটনায় কোথাও যেন ‘আইনের শাসন’ নীতিই ভেঙে পড়েছে বলে মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। বারাসত সাংগঠনিক জেলা বিজেপির এক নেতার দাবি, যারা তাপসবাবুকে মারধর বা হেনস্তায় অভিযুক্ত, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে এনিয়ে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তাপস মিত্র বলছেন, ‘পুলিশের উপর আমার আস্থা আছে। আশা করি, তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করবে।’