• মহিলাকে মার, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার ধৃত
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থানীয় এক মহিলাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হল কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহম্মদ জসিমুদ্দিনকে। রবিবার সকালে তাঁর কলেজ স্ট্রিটের বাড়ি থেকে জোড়াসাঁকো থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ, শনিবার রাতে স্থানীয় এক মহিলার সঙ্গে বচসা হয় কাউন্সিলারের। তার জেরে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। একইসঙ্গে, নিগৃহীতার বাড়ির বাইরের সমস্ত সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। মারধরের ফুটেজ যাতে না পাওয়া যায়। মহিলা শনিবার রাতেই জোড়াসাঁকো থানায় কাউন্সিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে এদিন সকালে কাউন্সিলারের বাড়িতে যান তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। তার জেরে এদিন সকাল থেকেই জসিমুদ্দিনের বাড়ির বাইরে প্রচুর ভিড় জমে। ‘চোর, চোর’ স্লোগান তোলেন এলাকাবাসী। লালবাজার জানিয়েছে, জসিমুদ্দিনের নামে একাধিক অভিযোগ রয়েছে। পকসো আইনেও একটি অভিযোগ রয়েছে জোড়াসাঁকো থানায়। চার মাস আগে স্থানীয় এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছিল থানায়। কিন্তু, সেই মামলা এতদিন কোনো গতি পায়নি। মসনদ বদলাতেই সেই কেস খোলা হবে বলে সূত্রের খবর। অভিযুক্তকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (বর্তমান)