তৃণমূল প্রধানের বাড়ি থেকে উদ্ধার ত্রাণ, পুলিশের পোশাক, গুলির বাক্স
বর্তমান | ০৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের নেতা-কর্মীদের বাড়ি থেকে ত্রিপল, কম্বল, ওষুধ সহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী উদ্ধার হচ্ছে। এবার সেসব ছাপিয়ে গেলেন ডায়মন্ডহারবারের এক পঞ্চায়েত প্রধান। তাঁর বাড়ি থেকে ত্রাণসামগ্রীর পাশাপাশি উদ্ধার হল পুলিশের পোশাক ও বন্দুকের গুলির বাক্স! এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বন্দর শহরে। জানা গিয়েছে, সরিষার কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলামের বাড়িতে বিপুল ত্রাণসামগ্রী মজুত রয়েছে, এই খবর পেয়ে শনিবার রাতে কয়েকজন গ্রামবাসী সেখানে হানা দেন। অভিযোগ, বাড়ির বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় কয়েক হাজার সরকারি ত্রিপল, শিশুদের খাদ্যসামগ্রী, কম্বল, পোশাক এবং প্রচুর ওষুধ। শুধু তাই নয়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্পের লোগো লাগানো প্রচুর ওষুধও সেখানে পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ হওয়া সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে আত্মসাত করে রেখেছিলেন তিনি। খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশ এবং পারুলিয়া কোস্টাল থানার পুলিশ প্রধানের বাড়িতে গিয়ে উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস কী, সেগুলি কীভাবে প্রধানের বাড়িতে এল এবং পুলিশের পোশাক ও বন্দুকের গুলির বাক্স কেন রাখা হয়েছিল— তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এলাকাবাসীর দাবি, পুলিশের ওই পোশাক পরে এলাকায় তোলাবাজি করত প্রধানের লোকজন। নিজস্ব চিত্র