• আলোকস্তম্ভ বসবে বনগাঁ স্টেডিয়ামে, আশ্বাস দিলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রবিবার বনগাঁ স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এক সময়ে বনগাঁর খেলাধুলার মান রাজ্যের মধ্যে অন্যতম সেরা ছিল। বিগত দিনে খেলাধুলার সেই মান তলানিতে ঠেকেছে। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তবে মন্ত্রীর দাবি, বনগাঁর খেলাধুলার মান ফেরাতে গেলে আগে যাঁরা ক্রীড়া সংস্থাগুলির পদ আঁকড়ে বসে আছেন, তাঁদেরকে সরাতে হবে। ক্রীড়া জগতের মানুষকে ওই পদে বসিয়ে খেলাধুলার মান উন্নয়নের বার্তা দেন মন্ত্রী। বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি, বনগাঁ স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা। এদিন সে প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এলাকাবাসীদের দাবি মেনে মাঠে আলোকস্তম্ভ বসানোর বিষয়েও দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করব।

    বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে বনগাঁয় সভা করতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ স্টেডিয়ামে সভা করেছিলেন তিনি। তাঁর সেই সভার জন্য মাঠের ফেন্সিং একাধিক জায়গায় কেটে দর্শকদের জন্য রাস্তা তৈরি করা হয়েছিল। ভোট পর্ব মিটলেও ফেন্সিং এখনও ঠিক করা হয়নি। এনিয়ে ইতিমধ্যে ক্রীড়া জগতের অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

    এবিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি আমি আজই জানলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর আশ্বাসে খুশি ক্রীড়া জগতের মানুষেরা। বনগাঁর বাসিন্দা জাতীয় রেফারি তরুণ বিশ্বাস বলেন, মন্ত্রীর আশ্বাসে আমরা খুশি। ক্রীড়া সংস্থায় ক্রীড়া জগতের মানুষ বসলে বনগাঁয় ক্রীড়ার মান অনেকটাই বাড়বে। পাশাপাশি তিনি দাবি করেন, মাঠের আধুনিকীকরণ, ড্রেসিং রুমের উন্নয়ন এবং মাঠের বাইরেও সৌন্দর্যায়ন 

    করা হোক।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)