• ‘জনতার দরবারে’ ভূরি ভূরি অভিযোগ, এফআইআরের নিদান অর্জুনের
    বর্তমান | ০৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাজ্যের মুখ্যমন্ত্রীর পথে হেঁটে নিজের এলাকাতেও ‘জনতার দরবার’ শুরু করলেন মন্ত্রী অর্জুন সিং। প্রথম জনতার দরবারে পুরসভার দুর্নীতি, তোলাবাজি ও অনিয়মের অভিযোগে তিনি সরব হলেন। রবিবার গারুলিয়ায় তাঁর কার্যালয়ে জনতার দরবারে কয়েকশো বাসিন্দা বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হন। সব শুনে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর করার পরামর্শ দেন তিনি। অর্জুনবাবু বলেন, ঘর বরাদ্দ থেকে দখলদারি, বাসিন্দাদের মধ্যে বিবাদ সৃষ্টি থেকে তোলাবাজি— একাধিক অভিযোগ জমা পড়েছে। সবটাই নোট ডাউন করা আছে। একইসঙ্গে পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে টাকা লেনদেন ও পরিষেবা প্রদানে অনিয়মের অভিযোগও এসেছে। অভিযোগগুলির নিষ্পত্তিতে এবার সরাসরি পুরসভার সঙ্গে আলোচনায় বসবেন কোর কমিটির সদস্যরা। অর্জুনবাবু বলেন, সুনীল সিং, ধনঞ্জয়-সহ দলের প্রতিনিধিরা পুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। সেই বৈঠকের পর সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আইনি পদক্ষেপের প্রশ্নে আরও কড়া সুরে শোনা যায় অর্জুনবাবুর গলায়। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশে জানান। এফআইআর হলে কোমরে দড়ি বেঁধেই নিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, এই জনতার দরবার চলবে। আস্তে আস্তে সমস্যা কমবে, ভিড়ও কমবে।
  • Link to this news (বর্তমান)