সৌদি আরবে কাজ করতেন উত্তপ্রদেশের দুই যুবক। যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তাঁরা। সৌদির মাটি থেকেই তাই টাকা পাঠিয়েছিলেন ইরানের দূতাবাসে। তার পরে যা হওয়ার তাই হয়েছে। গত ২৭ মার্চ মহম্মদ জাফর এবং মহম্মদ রহিব নামে দুই ভাইকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। তার পর প্রায় তিন মাস কেটে গিয়েছে। কিন্তু তাঁদের আর কোনও খবর পাওয়া যায়নি বলে দাবি রহিব, জাফরের পরিবারের।
মহম্মদ জাফরের বাড়ি আমরোহা জেলার নওগাঁওতে। পাঁচ বছর আগে কাজের খোঁজে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি। দাম্মানের একটি দোকানে কাজ জুটিয়েও নেন। তার পরে ছোট ভাই রহিবকেও নিয়ে যান সৌদিতে। দুই ভাই মিলে সেখানেই থাকতেন। ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। পাল্টা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন-সহ আমেরিকার মিত্র দেশগুলিতে হামলা চালাতে শুরু করে ইরানও। অশান্ত হয়ে ওঠে গোটা পশ্চিম এশিয়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মার্চের মাঝামাঝি তাঁদের ছেলেদের কিছু টাকা পাঠাতে বলেছিলেন জাফরের মা। তাঁর ইচ্ছা ছিল, আমেরিকা আর ইজ়রায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানকে অর্থ সাহায্য করবেন। সেই সময়ে কাশ্মীরি মুসলিমদের একটা অংশ ইরানের জন্য অনুদান তুলছিলেন। জাফর অবশ্য মাকে জানিয়েছিলেন, চিন্তার কিছু নেই। তিনি নিজেই ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। সেই মতো জাফর ভাই রহিবের ফোন থেকে তিনি ২০০ সৌদি রিয়াল পাঠিয়েও দেন বলে দাবি পরিবারের।
এর পরেই ২৭ মার্চ দাম্মানে তাঁদের ভাড়া বাড়িতে হানা দেয় সৌদি পুলিশ। প্রথমে রহিবকে আটক করে নিয়ে যান তাঁরা। তার তিন দিন পর অর্থাৎ ৩০ মার্চ আটক করা হয় জাফরকে। তার পর থেকে তাঁরা কোথায় রয়েছেন, সেই সম্পর্কে আর কোনও খবর পাওয়া যায়নি। এমন ঘটনায় ভেঙে পড়েছেন জাফরের বাবা হাসান আব্বাস। তিনি পক্ষঘাতগ্রস্ত। চিকিৎসা চলছে। তাঁর দাবি, সৌদি আরব থেকে ইরানের দূতাবাসের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্যই দুই ভাইকে আটক করা হয়েছে।
দুই সন্তানের খোঁজ না পেয়ে একটি ভিডিয়ো বার্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন হাসান আব্বাস। তিনি বলেন, ‘আমার দুই ছেলে সৌদি আরবে নিখোঁজ। আমি অসুস্থ। ওরাই আমার চিকিৎসার খরচ জোগাত। ওদের খুঁজে বের করুন।’ ইতিমধ্যেই দুই যুবকের খোঁজ শুরু করেছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের কমিউনিটি ওয়েলফেয়ার উইং-এর কর্তা সুমিত কুমার জানিয়েছেন, ‘নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে’ দুই ভাইকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘ভারতীয় দূতাবাস সৌদির বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্তারিত তথ্য পেলেই জানানো হবে।’