মেসিকাণ্ডে নতুন মোড়, শতদ্রু দত্তের বিরুদ্ধে ৫ কোটির দাবি ও হুমকির অভিযোগ
এই সময় | ০৮ জুন ২০২৬
ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তকে কেন্দ্র করে নতুন বিতর্ক সামনে এসেছে। কলকাতার ব্যবসায়ী অভিজিৎ দত্ত তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তোলাবাজি, ভয় দেখানো, মানহানি এবং ষড়যন্ত্রের মতো একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে।
অভিজিৎ দত্তের দাবি, গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে যে বড় অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি বৈধ ভাবেই উপস্থিত ছিলেন। তাঁর কথায়, আয়োজক সংস্থার তরফে তাঁকে প্রবেশের অনুমতিপত্র দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অনুষ্ঠানে ঢোকার জন্য তিনি প্রায় ৩০ হাজার টাকা খরচ করে টিকিটও কিনেছিলেন। তাঁর কাছে সেই অনুমতিপত্র এবং অন্যান্য নথিও রয়েছে বলে দাবি করেছেন তিনি।
অভিযোগকারী জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁকে ফোন করে একটি বৈঠকের জন্য ডাকা হয়। পরে কলকাতার একটি বিলাসবহুল হোটেলে গেলে সেখানে শতদ্রু দত্তের সঙ্গে তাঁর দেখা হয়। অভিজিৎবাবুর অভিযোগ, ওই বৈঠকে তাঁকে বলা হয় যে যুবভারতীর অনুষ্ঠানে তিনি নাকি বিনা অনুমতিতে বা অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়।
তাঁর দাবি, তিনি যখন স্পষ্ট জানিয়ে দেন যে কোনও টাকা দেবেন না, তখন তাঁকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়। এমন কী তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিজিৎ দত্ত আরও জানিয়েছেন, পরে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে বলা হয়, ৫ কোটি টাকা না দিয়ে ১ কোটি টাকা দিলেও বিষয়টি মিটিয়ে দেওয়া সম্ভব।
ব্যবসায়ীর অভিযোগ, মেসির অনুষ্ঠান চলাকালীন মাঠে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বহু লোক অবৈধ ভাবে মাঠে ঢুকে পড়েছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেই বিশৃঙ্খলার মধ্যেই তিনি শারীরিক ও মানসিক ভাবে হেনস্থার শিকার হন বলে দাবি করেছেন। তাঁর আরও অভিযোগ, পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁকেই ওই ঘটনার অন্যতম দায়ী ব্যক্তি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা।
অভিজিৎ দত্ত জানিয়েছেন, এই ঘটনার কারণে তিনি মানসিক ভাবে খুবই চাপে রয়েছেন। তাঁর সামাজিক সম্মানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি এবং তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।
থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ভবিষ্যতে তাঁর বা তাঁর পরিবারের কোনও ধরনের ক্ষতি হলে তার দায় শতদ্রু দত্তের উপর বর্তাবে। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের কাছে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত সত্য সামনে আনা হোক।