‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ সিরিয়ালে হিরোর মায়ের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী অভিনেত্রী মধুরিমা গোস্বামী
News18 বাংলা | ০৮ জুন ২০২৬
মঞ্চে তাঁর দাপুটে অভিনয় চিরকাল প্রশংসিত৷ মঞ্চাভিনেত্রী হিসেবে তাঁর পরিচিতি৷ তাঁর বাবা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী ন্যাশনল মাইম ইনস্টিটিউ-এর প্রতিষ্ঠাতা৷ মধুরিমা গোস্বামীর সঙ্গে আরও একটি পরিচয় জুড়েছে কয়েক বছর আগে৷ তা হল তিনি অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী৷ এবার তিনিই অভিনয় করবেন ছোটপর্দায়৷ ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নতুন সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মধুরিমাকে৷
সিরিয়ালে অভিনয় খুব তাড়াতাড়ি পরিচিতি এনে দেয়৷ মেগা সিরিয়ালের দৌলতে প্রতিদিন, প্রচুর অভিনেতা-অভিনেত্রীরা বাংলার ঘরে ঘরে পৌঁছে যান৷ ফলে সাধারণ দর্শকদের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা অনেক বেশি৷ এবার এই জগতে নতুন এলেন মধুরিমা গোস্বামী৷
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মধুরিমা। ইতিমধ্যেই তাঁর একটি প্রোমো সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে মধুরিমাকে৷
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপের নাম হয়েছে ‘রাজা’৷ ধারাবাহিকে রাজার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে৷ ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘দুর্গাবতী মা ঠাকুরণ’।
মধুরিমা প্রথমে ধারাবাহিকে অভিনয়ে আগ্রহী ছিলেন না৷ অনেক সময়ই ধারাবাহিকে অভিনয় করাকে কিছুটা খাটো চোখে দেখা হয়৷ তবে সময় বদলেছে৷ এখন অনেক বড় মাপের অভিনেতারাও ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন৷ মধুরিমার ক্ষেত্রেও কিছুটা তেমনই হয়েছিল৷ চ্যানেলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়৷ তিনি প্রযোজনা সংস্থার বিষয়ে ভাল করে খোঁজখবর নেন এবং নতুন কাজের লোভে টিভি সিরিয়ালে কাজ করতে রাজি হন তিনি৷ এই বিষয়ে তাঁর স্বামীর সঙ্গে কথাও বলেন তিনি৷ কারণ অনির্বাণ অনেক বেশি ক্যামেরার সামনে কাজ করেছেন৷ তাই স্বামীর সঙ্গে দীর্ঘ আলোচনা ও পরামর্শ করেই এই নতুন পথচলা শুরু করেছেন মধুরিমা গোস্বামী।