উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা
প্রতিদিন | ০৮ জুন ২০২৬
উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহজুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ঝড়বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্র। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অনেকটাই এগিয়ে এসেছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী ৩-৪ দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্রিশগড়, ওড়িশাতে মৌসুমী বায়ু ঢুকতে পারে।
আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও কয়েকটি জায়গায় দুপুর বা বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ ও আগামীকাল ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কলকাতাতেও বুধবার থেকেই বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।