• খবর শুনে ঘরে বসে থাকার সাহস হচ্ছে না, গরুর দুধ খেয়ে দলে দলে হাসপাতালে ছুটছে মানুষ
    News18 বাংলা | ০৮ জুন ২০২৬
  • কুকুরে কামড়ানো একটি গরুর দুধ খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খাতড়ার সুপুর এলাকায়। আতঙ্কে খাতড়া মহকুমা হাসপাতালে ভিড় করেন শিশু, প্রসূতি মহিলা-সহ প্রায় ৫০ জন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার এক দুগ্ধ ব্যবসায়ীর গরুকে কিছুদিন আগে কুকুরে কামড়েছিল। সেই গরুর দুধই তিনি এলাকার একাধিক পরিবারের কাছে বিক্রি করেন।

    সুপুর গ্রামের বহু পরিবার দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির কাছ থেকে নিয়মিত দুধ কিনতেন। অভিযোগ, গরুটি কুকুরে কামড়ানোর বিষয়টি জেনেও তাদের দুধ দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, গত রবিবার এলাকায় সত্যনারায়ণ পুজোর জন্য ওই গরুর কাঁচা দুধ ব্যবহার করে প্রসাদ হিসেবে সিন্নি তৈরি করা হয়েছিল। সেই প্রসাদ শিশু, প্রসূতি মহিলা সহ গ্রামের বহু মানুষ গ্রহণ করেন। এছাড়াও অনেকে ওই দুধ গরম করে পান করেছেন বলেও জানা গিয়েছে।

    পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন বৃহস্পতিবার ওই গরুটি মারা যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় সকাল থেকে একে একে খাতড়া মহকুমা হাসপাতালে পৌঁছন প্রায় ৫০ জন গ্রামবাসী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আতঙ্কিত হয়ে হাসপাতালে এলেও বর্তমানে কেউ অসুস্থ নন। সকলের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অযথা আতঙ্কিত না হওয়ারও আবেদন জানিয়েছে।

    অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দুগ্ধ ব্যবসায়ী। তার দাবি, দুধ বিক্রির সময় তারা জানতেন না যে গরুটিকে কুকুরে কামড়েছে। পরে গরুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক দেখানোর পর বিষয়টি জানতে পারেন। দুগ্ধ ব্যবসায়ী বলেন, আগে থেকে জানলে কখনও সেই দুধ বিক্রি করতাম না। গরুটি বৃহস্পতিবার মারা গিয়েছে ঠিকই, তবে ইচ্ছাকৃতভাবে কাউকে ওই দুধ দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রশাসন ও প্রাণিসম্পদ দফতর ঘটনার তদন্ত করলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেও জানান তিনি।
  • Link to this news (News18 বাংলা)