স্বাস্থ্য পরিষেবায় বড় চমক কাকদ্বীপে! হাসপাতাল চত্বরেই বসল আধুনিক মেশিন, উপকৃত হবেন লক্ষাধিক মানুষ
News18 বাংলা | ০৮ জুন ২০২৬
: কাকদ্বীপ হাসপাতালে মিলবে অত্যাধুনিক পরিষেবা, বসল সিটি স্ক্যান মেশিন। সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন না থাকায় অসুবিধা হত বিস্তর। এবার সেই সমস্যার সমাধান হবে। কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন। দীর্ঘদিন ধরেই কাকদ্বীপ ও সংলগ্ন সুন্দরবন এলাকার বহু রোগীকে সিটি স্ক্যান করানোর জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হত। এতে যেমন সময় অপচয় হত, তেমনই আর্থিক ও শারীরিক ভোগান্তির শিকার হতেন রোগী ও তাঁদের পরিবার।
নতুন এই সিটি স্ক্যান ইউনিট চালু হওয়ার ফলে এখন থেকে স্থানীয় মানুষজন নিজেদের এলাকাতেই দ্রুত ও উন্নত মানের রোগ নির্ণয়ের সুবিধা পাবেন। হাসপাতালের রোগী ছাড়াও বাইরে থেকে এখানে সিটি স্ক্যান করাতে আসলেও তাকে স্বল্প মূল্যে পরিষেবা দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের পথে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে এই নতুন সিটি স্ক্যান ইউনিট সংযোজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
সিটি স্ক্যান বর্তমানে বহু জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, মস্তিষ্কের সমস্যা, ফুসফুসের রোগ, অভ্যন্তরীণ আঘাত-সহ নানা রোগ দ্রুত চিহ্নিত করতে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর। ফলে রোগ নির্ণয়ের গতি যেমন বাড়বে, তেমনই দ্রুত চিকিৎসা শুরু করাও সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এতদিন যে পরিষেবার জন্য কলকাতা বা অন্যান্য দূরবর্তী কেন্দ্রে যেতে হত, এখন তা নিজের মহকুমাতেই পাওয়া যাবে। এই পরিষেবা ছাড়াও হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা।