• SIR, ‘ভোট লুট’ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি, INDIA-র বৈঠকে আর কী কী সিদ্ধান্ত?
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • একাধিক রাজ্যে ভরাডুবির পরে সোমবার চলতি বছরে প্রথম বৈঠকে বসেছিল বিরোধী জোট ‘INDIA’-র সদস্যরা। সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ফারুক আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-সহ মোট ২৩টি দলের প্রতিনিধিরা। আগামী দিনে বিরোধী জোট কোন পথে চলবে, সেই বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়। মোট পাঁচটি এজেন্ডা নিয়ে বিরোধী জোট INDIA কাজ করবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে।

    সাংবাদিক বৈঠকে খাড়্গে জানান, দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণের নানা সমস্যা, সঙ্কট নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে অন্যতম গুরুত্ব পায় SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রসঙ্গ। উল্লেখ্য, নির্বাচনের আগে বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন হয়। এই প্রক্রিয়ার একাধিক বিষয় নিয়ে বারবার আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল।

    ১) বিরোধী জোটের সদস্যরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সূর্য কান্তকে SIR সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠাতে চলছে। সেই চিঠিতে SIR প্রক্রিয়ার ত্রুটি সংক্রান্ত বিষয়ে এবং ভোট লুট নিয়ে অভিযোগ জানানো হবে।

    ২) NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং CBSE পরীক্ষার OSM পদ্ধতিতে উত্তরপত্রের মূল্যায়ন নিয়ে পড়ুয়াদের অসন্তোষের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। সেই কারণে অবলিম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হবে।

    ৩) দেশের অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার জন্যে তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক ডাকা হোক। কেন্দ্রীয় সরকারকে সেই প্রস্তাব দেওয়া হবে।

    ৪) এ বার থেকে বিরোধ জোট ইন্ডিয়া-র সদস্যরা প্রতি দুই মাস অন্তর বৈঠকে বসবেন। পরের বৈঠকটি হবে হায়দ্রাবাদে, ৮ অগস্ট।

    ৫) পাশাপাশি আগামী বর্ষাকালীন অধিবেশনে ইন্ডিয়া-র সদস্যরা প্রতিদিন সকালে বৈঠক করবেন। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অধিবেশনে অংশগ্রহণ করবে বিরোধী জোটের দলগুলি।

    কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জোটের বৈঠক শেষ হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন এবং ফলস্বরূপ আমরা পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। আমরা আজ এই বিষয়ে একমত হয়েছি যে, আমরা এই বিষয়গুলোর জন্য লড়াই করব, এগুলোর উপরে কাজ করব এবং সামনে এগিয়ে যাব।’

    উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে এই প্রথম বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকের পরে প্রতিবেদন লেখা পর্যন্ত মমতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

  • Link to this news (এই সময়)