‘নব্য তৃণমূলে’ কি এ বার ফিরহাদ হাকিমও? সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিমের উপস্থিতির পরেই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে এ দিন ঋতব্রতর ঘরে যান ফিরহাদ। এর পরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দীর্ঘ সময় পরে যখন বিধানসভা থেকে ফিরহাদ বেরোন, শুধু বলে যান, ‘নো কমেন্ট প্লিজ...।’ সূত্রের খবর, ফিরহাদ হাকিম ও অশোক দেবের সঙ্গে এ দিন বিধানসভার লবিতে আলাদা বৈঠক হয় মন্ত্রী তাপস রায়ের।
এ দিন দিল্লিতে একের পরে এক ধাক্কায় টালমাটাল তৃণমূলের নৌকা। সকালেই দল ও রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দুশেখর রায়। দুপুরেই ২০ জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে NDA ব্লকে সামিল হওয়ার কথা জানিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার সেই চিঠি দিয়েছেন। তাতে সই করেছেন ২০ জন। অন্যদিকে হালে পানি পেতে ইন্ডি ব্লকের বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে যখন বঙ্গ রাজনীতি আরও একবার নতুন মোড় নিচ্ছে, ঠিক সেই সময়ে মমতার অন্যতম বিশ্বস্ত সৈনিক স্নেহের ‘ববি’ বিধানসভায়। এন্টালির বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে ঢুকে যান উলুবেড়িয়া পূর্বের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।
এ দিন কালো গাড়ির কাচ তুলে বিধানসভায় ঢোকেন ফিরহাদ। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব দেননি। তবে গত সপ্তাহেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদের ইস্তফার পরেই নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। এখন দেখার, দিল্লিতে যখন তৃণমূল সংসদীয় দল ভেঙে খান খান, এ দিকে ববিও কি মমতার হাত ছাড়ছেন?