তৃণমূলের সংসদীয় দল একেবারে ভাঙনের মুখে? দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকের পরে বিজেপি নেতৃত্বের সূত্রে খবর, ঘাসফুল শিবিরের লোকসভা সাংসদদের ৯০ শতাংশ বিদ্রোহ করেছেন।
সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘনিষ্ঠ মহল জানিয়েছেন, TMC ভাঙার জন্য পর্যাপ্ত সংখ্যা রয়েছে। লোকসভায় টিএমসি সাংসদদের একটি আলাদা গোষ্ঠী তৈরি হবে। সূত্রের খবর, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে টিএমসি সাংসদদের বৈঠকের পর এই তথ্য সামনে এসেছে।
সোমবার ৯, মতিলাল নেহরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং করেছেন তৃণমূলের এক ডজনেরও বেশি বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, সেখানে কিছুক্ষণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও বেশ কিছুক্ষণ মিটিং করেন সেই বিদ্রোহী সাংসদেরা।
সূত্রের খবর, এই বিদ্রোহী সাংসদেরা এ দিনই লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা দিয়ে আলাদা করে বসার জায়গা পাওয়ার অনুরোধ করবেন। বিভিন্ন সূত্রের খবর, অন্তত ২০ জন তৃণমূল সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দেবেন। এই গোষ্ঠীর নেতৃত্ব দেবেন কাকলি ঘোষ দস্তিদার।
সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন বিদ্রোহী গোষ্ঠীতে থাকা বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার। তিনি জানান, তাঁরা আলাদা জায়গায় বসতে চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন। উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান তাঁরা। সাংসদের দাবি, বাংলা উন্নয়নের খাতে পিছিয়ে পড়েছে, সেই উন্নয়ন যাতে হয় সেই ভেবেই পদক্ষেপ নিচ্ছেন তাঁরা। তৃণমূলের মধ্যে এমন নানা বিষয় ঘটেছিল, যেগুলি তাঁর অপছন্দ ছিল। সেই ভুলগুলিকে সামনে এনে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছিলেন বলে জানান শর্মিলা সরকার। তারপরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ তাঁর।