আজকাল ওয়েবডেস্ক: জল্পনা কি অবসান সোমেই? যেদিন ইন্ডিয়া জোট বৈঠকে বসছে, সেদিনই তৃণমূলের একাধিক সাংসদ চিঠি দিতে পারেন অভিষেকে অনাস্থা এনে, এমন জল্পনা ছিলই। কতজন তালিকায়? কারা তারা? তা নিয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি, তবে সোমবার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়।
ইস্তফা পত্রে সুখেন্দুশেখর লিখছেন-'সাম্প্রতিক অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচকমন্ডলী ১৫ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তৃণমূল কংগ্রেস দলের বেলাগাম দুর্নীতি, চরম নারী নির্যাতন ও শিক্ষা, স্বাস্হ্য, শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থতাজনিত চরম নৈরাজ্যের বিরুদ্ধে সার্বিক অনাস্থা জ্ঞাপন করে ভারতীয় জনতা দলকে বাংলার ইতিহাসে প্রথম বার বিপুল সংখ্যক আসনে জয়ী করেছেন। ইতিমধ্যে নবনির্বাচিত জনগণের সরকার তাদের দলের ঘোষিত নির্বাচনী সঙ্কল্প অনুসারে বাংলার সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনের স্বার্থে একাধিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন। আমি জনসাধারণের এই ঐতিহাসিক রায় নতমস্তকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ এবং রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।'
অর্থাৎ, এবার রাজ্যসভায়, ১৩ থেকে কমে, তৃণমূলের সাংসদ সংখ্যা হল ১২। জল্পনা, রাজ্যসভার পর, তৃণমূলের লোকসভার সাংসদদের মধ্যেও। সাংসদরা পৃথক, গোপন বৈঠক করেন সোমবার, এই জল্পনাতেই রীতিমতো তোলপাড়। সূত্রের খবর, অভিষেকে অনাস্থা আনতে তাঁরা গোপন বৈঠকে বসেছেন। জল্পনা, বিধানসভার মতোই, হুবহু এক ছবি উঠতে পারে লোকসভায়।