চলতি সপ্তাহেই বাংলায় ঢুকছে বর্ষা, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা এই ১৬ জেলায়
আজ তক | ০৮ জুন ২০২৬
রাজ্যজুড়ে এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে। এই সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে জুড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। চলতি সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ
আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নাগাল্যান্ড,মণিপুর, মিজোরাম,অরুণাচল প্রদেশ,অসম ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। আগামী ৩-৪ দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড় ও ওড়িশার আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষা প্রবেশের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। পুরো সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এদিকে গতকাল (৭ জুন) মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে দু-তিন দিনের মধ্যে আরও কিছুটা এগিয়ে আসবে মৌসুমী বায়ু। এটি দক্ষিণবঙ্গে বর্ষা আসার ইঙ্গিত বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে
বর্ষা যত এগিয়ে আসছে এরাজ্যে বর্জ্যগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করেছে, বৃষ্টিপাতও বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্ষা এগিয়ে আসার ফলে এর প্রভাব রাজ্য পড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির মেঘ জমতে শুরু করায় ‘লাল’ ও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কলকাতা, উওর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া রয়েছে। আপাতত সমুদ্র উত্তাল রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে আপাতত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কোন জেলায় কেমন বৃষ্টি?
আজ, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামীকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। বুধবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সর্তকতা রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ করবে। রবিবারেই বাংলায় বর্ষার আগমনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে চলতি সপ্তাহে। সোমবার, মঙ্গলবার, ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০০.০৬ ডিগ্রি নিচে । কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা নেই। শহরে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। ওই দু’দিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।