• চাইলেই তদন্ত করতে পারবে সিবিআই
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জুন ২০২৬
  • পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তন আনল রাজ্যের বিজেপি সরকার। দীর্ঘদিন পর আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে রাজ্যে তদন্তের জন্য ‘জেনারেল কনসেন্ট’ বা সার্বিক অনুমতি দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তদন্ত শুরুর আগে আর রাজ্য সরকারের পৃথক অনুমতির প্রয়োজন হবে না।

    রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (ডিএসপিই) আইনের ৬ নম্বর ধারার আওতায় পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত পরিচালনার জন্য সিবিআইকে সাধারণ অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনও অভিযোগের তদন্ত করতে গেলে সিবিআইকে আর আলাদা করে রাজ্যের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না।

    তবে এই ছাড়পত্র সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়। রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে এখনও পূর্ব লিখিত অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা বহাল থাকছে। অর্থাৎ রাজ্য প্রশাসনের আওতাভুক্ত কর্মীদের বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করতে হলে সিবিআইকে নির্দিষ্ট নিয়ম মেনেই এগোতে হবে।

    উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিয়েছিল। সেই সিদ্ধান্তের ফলে সিবিআইকে প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা করে রাজ্যের অনুমতি নিতে হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও ডিএসপিই আইনের ৬ নম্বর ধারার প্রয়োগ করেই সেই সিদ্ধান্ত কার্যকর করেছিল।

    এবার একই আইনের আওতায় সেই নীতির উল্টো পথে হাঁটল বর্তমান বিজেপি সরকার। প্রশাসনিক মহলের একাংশের মতে, এর ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ অনেকটাই সহজ হবে এবং তদন্ত প্রক্রিয়ায় সময়ক্ষেপণের সম্ভাবনা কমবে।

    প্রসঙ্গত, ২০১৮ সালে জেনারেল কনসেন্ট প্রত্যাহারের পরেও একাধিক মামলায় সিবিআই এফআইআর দায়ের করেছিল। সেই বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি টানাপোড়েন তৈরি হয়। তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সিবিআইয়ের পদক্ষেপের বিরোধিতা করেছিল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার আদালতে হলফনামা দিয়ে দাবি করেছিল, কোনও রাজ্যের পক্ষে এই ক্ষমতা সীমাহীন নয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনও অভিযুক্তকে আড়াল করার জন্য এই বিধান ব্যবহার করা উচিত নয়।

    শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক বিজেপি-বিরোধী রাজ্যও অতীতে সিবিআই তদন্তের ক্ষেত্রে জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছিল। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সিদ্ধান্ত রাজনৈতিক এবং প্রশাসনিক—দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)