• এবার ‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’ ববি! সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ
    প্রতিদিন | ০৮ জুন ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। বিপদের দিনে সেই ‘ডান হাত’ ফিরহাদ হাকিমও বেসুরো! সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র। ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কথা হয় দু’জনের। খোশগল্প হয়েছে বলেই দাবি করেন ফিরহাদ। যদিও এই সাক্ষাৎ নিয়ে জল্পনা দানা বেঁধেছে। দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙনের পথে তখন কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদও (Firhad Hakim), স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।  

    বরাবরের দক্ষ সংগঠক ফিরহাদ হাকিম। পথেঘাটে নেমে তৃণমূলনেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলে ভরাডুবির মাঝে নিজে জনসমর্থন পেয়ে বিধায়ক হয়েছেন। তবে তা সত্ত্বেও আর পাঁচজন ‘বিদ্রোহী’র মতো সুর চড়াতে দেখা যায়নি ফিরহাদকে। পরিবর্তে ‘দিদি’র ডাকে বারবার তাঁর কালীঘাটের বাসভবনে বৈঠকে গিয়েছেন। গত শুক্রবার মেয়র পদ ছেড়েছেন। দীর্ঘ ৮ বছর পর মেয়র পদ ছাড়ার পর সাংবাদিক বৈঠকের শুরুতেই তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়েছিলেন। আক্ষেপের সুরে বলেছিলেন তাঁর অবস্থা এখন “ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের” মতো। আর সে কারণেই সাধারণ মানুষের স্বার্থে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেদিন বিকালে মমতার কালীঘাটের বাড়ির বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।

    মাত্র তিনদিনের মাথায় সেই ফিরহাদ হাকিমেরও ‘ভোলবদল’? সোমবার দুপুরে ব্যক্তিগত গাড়ি চড়ে বিধানসভায় পৌঁছন তিনি। সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে যান। আর তাতেই জল্পনা দানা বেঁধেছে, দুঃসময়ে কি ‘দিদি’র হাত ছাড়লেন সঙ্গী ববিও? এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকেও যোগ দেন বিধায়ক ফিরহাদ হাকিম। শোনা যায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি কথাও হয়। মুখ্যমন্ত্রী নাকি তাঁকে চা খাওয়ার কথাও বলেন। তারপর থেকেই ফিরহাদ এবং মমতার নাকি কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বের জেরে কী ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ পর্ব ফিরহাদের, স্বাভাবিকভাবেই জল্পনা দানা বাঁধছে। এদিকে, এই মুহূর্তে ঋতব্রতদের শিবিরে রয়েছেন ৫৮ জন বিধায়ক। তবে কি ‘আসল তৃণমূলে’র ক্ষমতা বৃদ্ধি স্রেফ সময়ের অপেক্ষামাত্র, চলছে জোর চর্চা। 
  • Link to this news (প্রতিদিন)