• জঞ্জাল হঠাতে আসছে নয়া অ্যাপ! ২ ঘণ্টাতেই সাফ হবে নোংরা, বড় আশ্বাস জলপাইগুড়ির পুরপ্রধানের
    News18 বাংলা | ০৮ জুন ২০২৬
  • : দুর্গন্ধে দমবন্ধ শহর! জল শহরের বুকে ক্রমশ বাড়ছে অস্বস্তি। আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে জলপাইগুড়ি কবে মিলবে স্বস্তি? পৌরসভা সংলগ্ন একাধিক ওয়ার্ডে এখন যেন নোংরার সাম্রাজ্য। রাস্তার ধারে, মোড়ে, এমনকি জনবহুল এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই এই পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

    দুর্গন্ধে নাজেহাল শহরবাসী। অনেকেই বলছেন, “রাস্তায় বেরোনোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।” নোংরা জমে থাকার কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পৌরসভার চেয়ারপারসন সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করা হবে। এই অ্যাপ চালু হলে নাগরিকরা নিজেদের এলাকায় জমে থাকা আবর্জনার ছবি তুলে আপলোড করতে পারবেন, এবং দু’ঘণ্টার মধ্যেই তা পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    তবে সমস্যার আরেকটি দিক উঠে এসেছে সাফাই কর্মীদের মুখে। তাঁদের অভিযোগ, মাসে মাত্র চার হাজার টাকা বেতন দেওয়া হয়, তাও আবার নিয়মিত নয়। বকেয়া মজুরি এখনও পরিশোধ না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি এই নিয়ে বিক্ষোভও হয়েছে। এর ফলে কাজের প্রতি খানিক অনীহাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, শহরের নতুন ব্রিজ সংলগ্ন পুরনো ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করে দেওয়ায় বিকল্প ব্যবস্থার অভাবও সমস্যাকে বাড়িয়ে তুলেছে। তবে দ্রুত শহরকে পরিষ্কার করে প্রাণবন্ত করে তোলা হবে বলেই আশ্বাস পৌরসভার তরফে।
  • Link to this news (News18 বাংলা)