আর ডুববে না ভুতনি দ্বীপ! বর্ষার আগেই মালদহে বিরাট তৎপরতা, বন্যা রুখতে প্রস্তুত ‘বোল্লা কোর ওয়াল’
News18 বাংলা | ০৮ জুন ২০২৬
: আর বাঁধ ভেঙে বন্যা নয়, ভুতনিকে বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতা! মালদহের মানিকচক ব্লকের ভুতনি দ্বীপে বন্যা রোধে শুরু হল জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ। গত দু’বছর ধরে গঙ্গা ও ফুলহার নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভুতনি দ্বীপের বিস্তীর্ণ এলাকা। জলবন্দি হয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন লক্ষাধিক বাসিন্দা। এবার বর্ষার আগে সেই পরিস্থিতি রুখতেই ভাঙা বাঁধের অংশে শুরু হল ‘বোল্লা কোর ওয়াল’ নির্মাণের কাজ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ভেঙে যাওয়া বাঁধের প্রায় ৮০ মিটার অংশে এই বিশেষ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। ‘বোল্লা কোর ওয়াল’ মূলত মাটির বাঁধ বা নদীর তীর সুরক্ষার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী বা আধা-স্থায়ী কাঠামো, যা বন্যার জল ও নদীর স্রোতের ধাক্কা সামলে লোকালয়ে জল ঢোকা রোধ করতে সাহায্য করে। কাজের অংশ হিসেবে মাঝখানে বস্তা ভরে শক্ত ভিত্তি তৈরি করা হবে এবং দু’পাশে জলরোধী দেওয়াল নির্মাণ করা হবে। এদিন আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসন আধিকারিকরা।
বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল জানান, “এবার কোনওভাবেই ভুতনিতে বন্যার জল ঢুকতে দেওয়া হবে না। রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে। আপাতত জল আটকানোর জন্য এই কাজ শুরু হয়েছে, পরে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে স্থায়ী পাকা বাঁধ নির্মাণ করা হবে।” ভাঙন কবলিত এলাকার বাসিন্দা আবু তাহির আলী বলেন, “প্রতিবছর বন্যার জল ঢুকে ভুতনির মানুষকে দুর্ভোগে ফেলছে। ভাঙন রোধের কাজ শুরু হওয়ায় স্বস্তি মিলেছে। তবে দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য আরও বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।”
বর্ষা মরশুমের আগে এই উদ্যোগে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে ভুতনির মানুষের মধ্যে। বহু ক্ষতিগ্রস্ত পরিবার এবার আশাবাদী, নতুন এই প্রতিরোধ ব্যবস্থা অন্তত আসন্ন বন্যার হাত থেকে তাদের রক্ষা করবে।