• দাদুর সঙ্গে আম পাড়ার পরেই চরম বিপর্যয়, মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল পড়ুয়া
    News18 বাংলা | ০৮ জুন ২০২৬
  • দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরাতন মালদহ ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকায়। নিখোঁজ ছাত্রের নাম কণক দাস। তার বাড়ি ইংরেজবাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায়। বাবা সঞ্জীব দাস পেশায় গাড়িচালক।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কণক তার দাদুর বাড়িতে থাকত। এদিন দাদুর সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটাতার এলাকার আমবাগানে আম পাড়তে যায় সে। আম পাড়ার কাজ শেষ হওয়ার পর পাশের মহানন্দা নদীতে স্নান করতে নামে। অভিযোগ, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সে গভীর জলে তলিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    নদীর ঘাটে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদহ থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ ছাত্রের মা জোবা দাস জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় তাঁদের জমি ও আমবাগান রয়েছে। দাদুর সঙ্গে সেখানে আম পাড়তে গিয়েছিল কণক। পরে নদীতে স্নান করতে নেমে আর ফিরে আসেনি।

    পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এরপর সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে মহানন্দা নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান। শেষ পাওয়া খবর পর্যন্ত কণকের কোনও সন্ধান মেলেনি। পুলিশ ও সিভিল ডিফেন্সের যৌথ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
  • Link to this news (News18 বাংলা)