• ঝুঁকি এড়িয়ে বর্ষায় পাহাড়ে যাবেন? পড়শি রাজ্যেই রয়েছে এই লুকোনো সম্পদ
    এই সময় | ০৮ জুন ২০২৬
  • আজকাল বর্ষায় পাহাড় যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে ঘোরা। এ বুঝি কোনও বিপর্যয় নামল! তবে পড়শি রাজ্যেই রয়েছে এক লুকোনো রত্ন। যেখানে বর্ষায় অনায়াসে ঘুরে আসা যায়। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও কম। অথচ প্রাকৃতিক সৌন্দর্য কোনও অংশে কম নয়। এই জায়গা হলো ওডিশার দেওমালি।

    গত কয়েক বছরে জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশনে পরিণত হয়েছে দেওমালি। প্রায় সব ঋতুতেই এখানে পর্যটকদের ভিড়। শীতে ক্যাম্পিং করতেও প্রচুর মানুষ দেওমালিতে যান। এ পাহাড় হলো ওডিশার সর্বোচ্চ শৃঙ্গ। ওডিশার দক্ষিণ অবস্থিত কোরাপুট জেলায় অবস্থিত দেওমালি। দেখতে কিছু আরাকু ভ্যালির মতো হলেও তুলনায় এখানে ভিড় কম।

    চন্দ্রগিরি-পোট্টাংগি উপ-রেঞ্জের অংশ দেওমালি ঘন সবুজ অরণ্যে ঘেরা। পূর্বঘাট পর্বতমালার এক অপার সৌন্দর্যের মুখোমুখি হওয়া যায় এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৬৭২ মিটার উঁচুতে অবস্থিত দেওমালি বছরের যে কোনও সময়ে যাওয়া যায়। পাহাড়ের চূড়ার কাছাকাছি পর্যন্ত গাড়ি যায়। তাই পায়ের সমস্যা থাকলেও অনায়াসে ঘুরে নিতে পারবেন এই পাহাড়ি অঞ্চল। আর ভিউ পয়েন্টে পৌঁছে এই অঞ্চলের যে সৌন্দর্য দেখা যায়, তা ভোলার নয়। অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিস্তীর্ণ অঞ্চল দেখা যায় এখান থেকে। আর বর্ষায় মেঘেদের আনাগোনা বাড়লে আরও সুন্দরী ও মোহময়ী হয়ে ওঠে দেওমালি।

    ওডিশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় থেকেও বহু মানুষ উইকএন্ডে এখানে বেড়াতে আসেন। বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য মানুষের বেশি ভিড় থাকে। বক, ব্ল্যাক ড্রঙ্গো এবং লং-টেইলড শ্রাইকের মতো পাখির দেখা মেলে এখানে। এ ছাড়া অ্যাডভেঞ্চারপ্রেমীরা আসেন ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য। নীচের জলাশয় থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার হাঁটতে হয়। 

    দেওমালি যেতে হয় কোরাপুট শহর থেকে। এখান থেকে দেওমালির পাশাপাশি ডুডুমা জলপ্রপাত এবং মাচকুণ্ড জলবিদ্যুৎ কেন্দ্র ঘুরে নিতে পারেন। কোরাপুট শহর থেকে এর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। বর্ষায় এই জায়গা খুবই মনোরম হয়ে ওঠে। এ ছাড়া ঘুরে দেখতে পারেন গুপ্তেশ্বর মন্দির, শবর শ্রীক্ষেত্র এবং কোলাব ড্যাম। এ ছাড়া এখানকার বাঁকে বাঁকে অজস্র ঝর্না, নদী, কফির বাগান পাবেন। 

    বিশাখাপত্তনম থেকে দেওমালির দূরত্ব ১৭০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় সাড়ে চার ঘণ্টা সময়। ওডিশা সরকারের নেচার ক্যাম্প ছাড়া দেওমালিতে থাকার জায়গা নেই। কাছাকাছির মধ্যে কোরাপুট শহরে থাকতে পারেন।

  • Link to this news (এই সময়)